২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাড়ছে, বন্যার অবনতির শঙ্কা

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার মধ্যে আরও কয়েকদিন ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 08:18 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

পুরনো খবর:

উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য সংকট
বন্যা মোকাবেলার প্রস্তুতি রয়েছে: প্রধানমন্ত্রী
ভারি বর্ষণে উত্তর-পূর্বে বন্যার পদধ্বনি
বিপৎসীমার উপরে উত্তরের নদ-নদী, পানিবন্দি ৩ লাখ

উজানের ঢল ও দেশের অভ্যন্তরে ভারি বর্ষণে সিলেট, মৌলভীবাজার, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুরের বিভিন্ন এলাকায় বন্যা চলছে।

এসব এলাকার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে নিরাশ্রয় হয়ে পড়েছেন। বিদ্যালয় তলিয়ে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন হচ্ছে বিপর্যস্ত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আষাঢ়ের শেষ সময়ে দেশের প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারি বর্ষণ আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় পানি বাড়ছে। তা আরও অন্তত দুদিন থাকবে। 

বর্তমানে নয়টি নদীর পানি ১৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে বইছে।

Image
বন্যার এই চিত্র জামালপুরের

বন্যার এই চিত্র জামালপুরের

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার জুনের শেষ সময় থেকে যমুনাসহ নদ-নদীতে পানি বাড়ছে। উজানের পানির ঢলও দেশের অভ্যন্তরের ভারি বর্ষণেই ইতোমধ্যে প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল।”

মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ১৪৫ মিলিমিটার। বুধবার পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান।

গত বছর ২৯ জুলাই থেকে টানা দুই সপ্তাহের ঢলে বিভিন্ন জেলায় বন্যা হয়েছিল। সেবার যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১ মিটার ২১ সেন্টিমিটার উপরে পানি উঠেছিল, যা ১৯৮৮ সালের পরে সর্বোচ্চ।

উদয় রহমান বলেন, “এবার ৬ জুলাই থেকে যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে রয়েছে। আজ (মঙ্গলবার) পর্যন্ত ৬৪ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। এতে বিরাজমান পরিস্থিতির কিছুটা অবনতি অব্যাহত থাকতে পারে।”

Image
বন্যায় এলাকা তলিয়ে, জামালপুরে গবাদি পশুর আশ্রয় এখন সেতুতে

বন্যায় এলাকা তলিয়ে, জামালপুরে গবাদি পশুর আশ্রয় এখন সেতুতে

গত বছরের মতো বন্যার আশঙ্কা এবার নেই দাবি করে তিনি বলেন, “আশা করছি, কয়েকদিন পরে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

ধরলা, ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী, সুরমা ও কংস নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলমারী, বাহাদুরাবদ, সারিয়াকান্দি, সিরাজগঞ্জ, এলাসিন, কানাইঘাট ও জারিয়াজঞ্জাইল পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও কুশিয়ারা বিপৎসীমার উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি কমেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সিলেটে বন্যায় ৮ উপজেলার প্রায় ৫ হাজার পরিবার ও ১ লাখ ৪৯ হাজার ৮৩০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেটে ৪ হাজার ৩৩০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে এই পর্যন্ত; শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ২০৪টি।

মৌলভীবাজার জেলার ক্ষতিগ্রস্ত ৭টি উপজেলার মধ্যে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কুলাউড়া, বড়লেখা ও জুরি উপজেলা।  ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮০ জন; বন্ধ রয়েছে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠান।

জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৭৫টি গ্রাম প্লাবিত রয়েছে। ৮১টি প্রতিষ্ঠানে পানি ঢুকেছে ও সারিয়াকান্দি বাঁধে আশ্রয় নিয়েছে ৪ হাজার পরিবার।

গাইবান্ধায় বন্যার পাশাপাশি নদী ভাঙনে ফুলছড়ি উপজেলায় ৪০টি ও সদর উপজেলায় ৩৫টি পরিবার গৃহহীন হয়েছে। প্লাবিত এলাকায় ১১ হাজার ৫০০ পরিবার পানিবন্দি বলে সরকারি ভাষ্য এলেও স্থানীয় তথ্যে এই সংখ্যা দুই লাখ।  

Image
সিরাজগঞ্জে বন্যার সঙ্গে নদী ভাঙন

সিরাজগঞ্জে বন্যার সঙ্গে নদী ভাঙন

সিরাজগঞ্জের সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙনে ১৬৫৬ পরিবার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।

কুড়িগ্রামের সদর, রাজীবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট আংশিক বন্যা কবলিত হয়েছে। এরমধ্যে চারটি উপজেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রয়েছে। জেলাটিতে লক্ষাধিক মানুষ পানিবন্দি বলে স্থানীয় সূত্রের খবর।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ৯ হাজার ২৫৭টি পরিবার পানিবন্দি রয়েছে।

Image
শরীয়তপুরে নদীর ভাঙনে হারাচ্ছে ভূমি

শরীয়তপুরে নদীর ভাঙনে হারাচ্ছে ভূমি

শরীয়তপুরের নড়িয়ায় ভাঙনে ওয়াপদা বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান, মোক্তারেরচর ইউনিয়নে সাহেবেরচর গ্রামের ১৫টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

কক্সবাজারের সদর উপজেলার চারটি ইউনিয়ন, রামু উপজেলার ১১টি ইউপি ও চকরিয়ার ১৮টি ইউপি প্লাবিত হয়েছিল। তবে সোমবার থেকে বন্যার পানি নেমে গেছে।

মন্ত্রণালয়ের উপ সচিব জি এম আব্দুল কাদের জানান, নিয়মিত বন্যা পরিস্থিতি প্রতিবেদন নেওয়া হচ্ছে। সেই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তবে বিভিন্ন জেলা থেকে অপ্রতুল ত্রাণ সামগ্রীর অভিযোগ আসছে।