২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য সংকট

উত্তরের জেলাগুলোর নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। অন্তত ১০ দিন পানিবন্দি ওই অঞ্চলগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 10:09 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

মঙ্গলবার ব্রহ্মপুত্র,ঘাঘট, ধরলা ও যমুনার পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া তিস্তার পানি কিছুটা কমলেও বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।

নদ-নদীর পানি বেড়ে উত্তরের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের কয়েক লাখ লোক পানিবন্দি হয়েছে পড়েছে। অন্তত ১০ দিন ধরে পানিবন্দি থাকায় ওই অঞ্চলগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর

Image
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা চরের পানিবন্দি পরিবারের নারী ও শিশুদের নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা চরের পানিবন্দি পরিবারের নারী ও শিশুদের নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

কুড়িগ্রাম

নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে কুড়িগ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও জ্বালানি সংকট।

জেলার পাঁচটি উপজেলার৩০টি ইউনিয়নের দেড় লাখের মত মানুষ পানিবন্দি হয়ে আছে। এছাড়া নদী ভাঙনের শিকার হয়েছে হাজার খানেক পরিবার।

উলিপুর উপজেলা পরিষদের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ত্রাণ বরাদ্দ পেয়েছেন ৩২টন। মঙ্গলবার পর্যন্ত বিতরণ হয়েছে সাড়ে ১১টন। ত্রাণ সহায়তার আওতায় এসেছে এক হাজার ৫০ পরিবার। যা মোট ক্ষতিগ্রস্তের ৫ দশমিক ৬ ভাগ মাত্র।

জরুরি ভাবে ১৫০ মেট্রিক টন চাল, এক লাখ টাকা এবং এক হাজার প্যাকেট শুকনা খাবার প্রশাসকের কাছে চেয়েছেন বলে জানান তিনি।

রাজারহাট উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যানন্দ ইউনিয়নে চেয়ারম্যান তাইজুল ইসলাম জানান, ভাঙন কবলিত তৈয়ব খাঁ এলাকায় ৮৫টি পরিবারকে ৩০ কেজি চাল ও ১৫টি পরিবারকে ২ হাজার করে টাকা বিতরণ করতে গিয়ে সংকটে পড়েছেন।

নাগেশ্বরী উপজেলা দ্বীপচর ইউনিয়ন নারায়ণপুরের চেয়ারম্যান মজিবর রহমান জানান, তার ইউনিয়নের ৮০ ভাগ জায়গা তলিয়ে গিয়ে ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। মঙ্গলবার মাত্র ৪ টন জিআর চাল পেয়েছেন।

মাঝিয়ালির চরে বিতরণের এলাকার মানুষ ত্রাণের জন্য হাহাকার করে বলে জানান তিনি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ জানিয়েছেন, দ্বিতীয় দফায় ২০ মেট্রিক চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, ইউনিয়নের ৭০ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকার প্রায় পুরোটাতেই বন্যার পানি উঠেছে।

লালমনিরহাট

লালমনিরহাটে সদর উপজেলায় নতুন করে আরও ১০ হাজার পরিবারসহ প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে পড়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারিভাবে ত্রাণ বিতরণ করছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে এসব ত্রাণ সামগ্রী প্রয়োজনের থেকে অপ্রতুল বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

এদিকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় এলাকায় নির্মিত একটি বালুর বাঁধের ৩০০ ফিট তিস্তার পানির তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয়রা ভাঙা অংশে বালুর বস্তা আর বাঁশ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছে।

আদিতমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বন্যায় ক্ষতিগ্রস্ত আদিতমারী উপজেলার প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ১০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের প্রস্তুতি চলছে।

এরমধ্যে দুই শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলায় ধরলা আর তিস্তার তীরবর্তী প্রায় ১০ হাজার ২০০ পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের মাঝে দুই শত প্যাকেট শুকনা খাবার সরবরাহের পাশাপাশি ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

হাতীবান্ধা উপজেলায় ক্ষতিগ্রস্ত নয় হাজার পরিবারের মাঝে ২০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের পাশাপাশি প্রায় ১৩৫০ প্যাকেট শুকনা খাবার সরবরাহের কাজ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে হাতীবান্ধার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

নীলফামারী

নীলফামারীর ডালিয়া পয়েন্ট তিস্তার পানি কমলেও বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া পানি বেড়েছে বুড়ি তিস্তা, চারালকাটা, বুড়িখোড়া, যমুনেশ্বরী, খড়খড়িয়া, দেওনাই, খেড়ুয়া, শালকি, নাউতারা, কুমলাই, ধুম, ধাইজান, চিকলি নদীতে।

ফলে নদী তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দি অর্ধলক্ষাধিক পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব এবং নানা সংকট।

নীলফামারীর ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বলেন, মঙ্গলবার সকাল থেকে উজানে আবারও ভারি বৃষ্টিপাত শুরু হওয়া তিস্তার পানি আরও দুই/তিন দিন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

জেলা প্রশাসন সূত্র জানায়, তিস্তা নদীর পানি বিপৎসীমরা উপর প্রবাহিত হওয়ায় নদীর র্তীরবতি ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, শৌলমারী, কৈমারী ও ডাউয়াবাড়ি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

এই দশ ইউনিয়নের অর্ধলক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে। এর মধ্যে বেশি সংকটে টেপাখড়িবাড়ি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মানুষ।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি তেমন উন্নতি ঘটেনি। আমার ইউনিয়নের দুইটি গ্রাম ঝাঁড়সিংহেশ্বর ও পূর্বছাতনাইয়ে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

“ওই দুই গ্রামের মানুষের খাদ্যাভাবে পড়েছে। তাদের মাঝে দ্রুত শুকনো খাবার বিতরণ করা প্রয়োজন।”

এসব ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রশাসনের কাছে হস্তান্ত করা হচ্ছে বলে জানান এ চেয়ারম্যান।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, “কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সেটা দেখা হচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ সেল খুলেছি এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি সময়মত।”

বন্যা কবলিত এলাকায় ৪০ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

Image
বন্যার পানিতে তলিয়ে যাওয়া জামালপুরের চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামের সড়কের ছবিটি মঙ্গলবারের।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া জামালপুরের চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামের সড়কের ছবিটি মঙ্গলবারের।

জামালপুর

জামালপুরে ছয়টি উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, ভারতের আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ২৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে।

ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল জানান, ইসলামপুরের ছয়টি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, রান্না করা খাবার ও গো- খাদ্যের তীব্র সংকট চলছে। ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির জানান, জেলার বন্যার্তদের সাহায্যে এ পর্যন্ত ৯০ মেট্রিক টন চাল, ১ লাখ ২০ হাজার টাকা এবং ১১ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তিনি ইসলামপুর উপজেলার বন্যা দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন।

সিরাজগঞ্জ

যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চরাঞ্চলের ২৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু অঞ্চল প্লাবিত হচ্ছে।

অপরদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌহালী উপজেলার এনায়েতপুরের আরকান্দি থেকে শাহজাদপুরের কৈজুরী পর্যন্ত এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, কাজীপুরের মাছুয়াকান্দিতে ক্রসবার বাঁধের স্যাংক ভেঙে গেলেও সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ বালির বস্তা নিক্ষেপের জন্য বরাদ্দ তো দূরের কথা, এখনও বোর্ড থেকে অনুমতিই পাইনি। সদর উপজেলার বাহুকা নামক স্থানেও থেমে থেমে পাড় ভাঙছে।

চৌহালী উপজেলার এনায়েতপুরের আরকান্দি থেকে শাহজাদপুরের কৈজুরী পর্যন্ত এলাকায় নদী ভাঙন শুরু হলেও সেখানে বাঁধ না থাকায় কোনো বরাদ্ধ পাওয়া যায়নি বলে জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা জানান, “এখনও সিরাজগঞ্জ জেলায় বন্যা ভয়াবহ অবস্থায় রূপ নেয়নি। এখনও অবস্থা আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সার্বিক খোঁজ-খবর রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এরই মধ্যে সদরের সয়দাবাদ ও কাজিপুরের শুভগাছায় ৫ শতাধিক পরিবারকে খয়রাতি ১০ কেজি করে চাল ও নগদ ২০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, সরকারি হিসাবে চরাঞ্চলের ২ হাজার পরিবারের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। নতুন করে আরও যে সকল এলাকা প্লাবিত হচ্ছে সেই সব এলাকার তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

Image
ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কচুখালি গ্রামের বসতবাড়ি হাঁটু পানিতে তলিয়ে।

ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কচুখালি গ্রামের বসতবাড়ি হাঁটু পানিতে তলিয়ে।

গাইবান্ধা

গাইবান্ধায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চার উপজেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে পানির তোড়ে গাইবান্ধার সদর উপজেলার কামারজানি বন্দরের দক্ষিণ দিকে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ২০টি ঘরবাড়ি সরিয়ে নিতে হয়েছে।

এছাড়া শ্রীপুর ও কামারজানির সীমান্তে সরাইল রেগুলেটরটি ভাঙনের মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড রেগুলেটরটি রক্ষায় ওই এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ব্রহ্মপুত্রের তীরে নিক্ষেপ করছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান, বন্যায় দুর্গত এলাকার মানুষদের জন্য এ পর্যন্ত ১২৫ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট (৫ কেজির) শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে মঙ্গলবার বন্যা কবলিত মানুষদের মাঝে ৯০ মেট্রিক টন চাল ও নগদ ছয় লাখ টাকা বিতরণ করা হয়েছে।