২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাষা বিজ্ঞান চর্চায় পুরোধা ড. মুহম্মদ শহীদুল্লাহ’

বাংলা ভাষার পুনর্গঠিত ইতিহাস রচনা ও ভারতীয় আর্য ভাষার ইতিহাস গবেষণায় ভাষাতাত্ত্বিক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নানা অবদানের কথা স্মরণ করে বাংলা ভাষার অধ্যাপক, গবেষকরা বলেছেন, ভাষা বিজ্ঞান চর্চায় তিনি ছিলেন পুরোধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:43 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

বাংলার ‘জ্ঞানতাপস’ বহুভাষাবিদ ও গবেষক ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৩২তম জন্মবার্ষিকী উদযাপনে সোমবার বাংলা একাডেমিতে ছিল নানা আয়োজন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। একক বক্তৃতা দেন অধ্যাপক মাহবুবুল হক।

এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে ভাষাসংগ্রামী ও চিত্রশিল্পী মুর্তজা বশীর।

বক্তৃতায় অধ্যাপক মাহবুবুল হক বলেন, “ড. মুহম্মদ শহীদুল্লাহ্ প্রায় ত্রিশ বছর ধরে ভাষাতত্ত্ব অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। ভাষাবিজ্ঞানের চর্চায় এ দেশে তিনিই পুরোধা।

“পরবর্তীকালে যারা এ দেশে ভাষাতত্ত্ব চর্চা করেছেন তারা সরাসরি বা পরোক্ষভাবে তার কাছে ঋণী। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও ভাষাতাত্ত্বিক হিসেবেই তিনি সবচেয়ে বেশি সমাদৃত।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “অন্যান্য কৃতির পাশাপাশি ভাষা বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র গবেষণাকর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে শুধু গবেষণাই করেননি, একই সঙ্গে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে দৃঢ় অবস্থানও নিয়েছেন যা তাকে স্মরণীয় করে রাখবে।”

শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমি প্রতিষ্ঠায় যেমন ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতো মনীষীদের মহৎ স্বপ্ন কাজ করেছে তেমনি একাডেমিও মুহম্মদ শহীদুল্লাহকে স্মরণে রেখেছে নানা মাত্রিকতায়। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমির মূল ভবন। একাডেমি প্রকাশিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারকগ্রন্থ বিদগ্ধ সমাজের কাছে আদৃত হয়েছে।”

জার্মানি-ফ্রান্সের যৌথ উদ্যোগ পাটের আসবাবপত্রের প্রদর্শনী

পাট নিয়ে কি কি বানানো যায়, সে ভাবনাকে আরেক ধাপ প্রশস্ত করে জার্মানি আর ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগে পাট দিয়ে তৈরি করা হয়েছে আসবাবপত্র। বাংলাদেশের শিল্পীদের করা আধুনিক ডিজাইনের আর্মচেয়ার ও সাইড টেবিল দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। বাংলার পাট যেন নতুন রূপে ফিরে আসছে।

ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের উদ্যোগে পাট, সমন্বিত ঐতিহ্য এবং আবিষ্কার প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে এ আসবাবগুলো। পাট ও রেজিনের সঙ্গে আরো সব উপকরণ যোগ করে আসবাবপত্র তৈরি করাই ছিল এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

সোমবার বারিধারায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে পাট থেকে তৈরি এসব আসবাবের প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবেট ও জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মানুষের মূল দ্বন্দ্বই ছিল পাট নিয়ে। বর্তমান সরকার পাটের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে। অচিরেই পাট নতুনভাবে বিশ্ব বাজারে তার জায়গা করে নিতে সক্ষম হবে।”

সোফি অবেট বলেন, “এটি চমৎকার একটি প্রকল্প। পাট শিল্পের সম্ভাবনা আরো বিস্তৃতভাবে সম্প্রসারিত করতে বাংলাদেশের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কেননা পাট আধুনিককালের চাহিদা পূরণে নতুন আদলে কাজে লাগানো সম্ভব।”

ড. থমাস প্রিঞ্জ বলেন, “পাটের আঁশ থেকে তৈরি পণ্য খুব আকর্ষণীয় এবং দামে সস্তা। তারচেয়েও বড় বিষয় এটি পরিবেশবান্ধব। ইউরোপের বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে গাড়ির ড্যাশ বোর্ড, প্যানেলসহ আধুনিক গাড়ি নির্মাণে এর চাহিদা রয়েছে।”

গতবছর আঁলিয়স ফ্রঁসেজ, গ্যেটে ইন্সটিটিউট, অটবি এবং গোল্ড অব বেঙ্গল যৌথভাবে পাট নিয়ে নকশা প্রতিযোগিতার আয়োজন করে। এর উদ্দেশ্য ছিল সৃজনশীল উপায়ে পাটের ব্যবহার উৎসাহিত করা। ফরাসি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী পাটশিল্পের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ও চারুকলার শিক্ষার্থীরা এ প্রকল্পে নকশা জমা দিয়েছিল। সেখান থেকে আটটি নকশা বেছে নিয়ে কর্মশালা হয়। সেই কর্মশালা থেকেই এ দুটি আসবাব তৈরি করা হয়।

এই প্রদর্শনীতে কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের সনদপত্র তুলে দেন দুই দেশের রাষ্ট্রদূত।

কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা হলেন- তাহসিনুল কবির, আনিসুল ইসলাম খান, জাকির আহমেদ, আনিলিয়া গৌরব, রেজওয়ানা রাকা সিদ্দিকা, ফারহাত জেরিন, রাকিবুজ্জামান ও ফাহিম হাসিন শাহান।