ইসির রোডম্যাপ চূড়ান্ত, সংলাপ শুরু এ মাসেই
একাদশ সংসদ নির্বাচন সামনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে ৩১ জুলাই থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।
অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুশীল সমাজ, গণমাধ্যম, পর্যবেক্ষক সংস্থা, সাবেক সিইসি-ইসি ও রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, আইন সংস্কারসহ অন্তত সাতটি বিষয়ে অংশীজনদের সঙ্গে সংলাপসূচি নিয়ে নির্বাচন পর্যন্ত দেড় বছরের কাজের প্রস্তাবিত ‘রোডম্যাপ’ অনুমোদন করেছে সংস্থাটি।
রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ জুলাই কর্মপরিকল্পনা সূচিটি বই আকারে প্রকাশ করা হবে।
সংলাপের বিষয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তাতে পরিবর্তন আনা হয়েছে। সিইসি মহোদয় বিদেশ সফর শেষে ওই দিন বিকালে দেশে ফেরার কথা রয়েছে। তাই সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকটি ৩১ তারিখ বিকেল ৩টা থেকে শুরু হবে।”
আলোচনার অন্যতম এজেন্ডা
> আইনি কাঠামোগুলো পর্যালোচনা ও সংস্কার
> কর্ম-পরিকল্পনার উপর পরামর্শ গ্রহণ
> সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ
> জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা ও বিতরণ
> ভোটকেন্দ্র স্থাপন
> নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা
> নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে থেকে সংলাপ শুরু করা হবে জানতে চাইলে সচিব আব্দুল্লাহ বলেন, “নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংলাপ করা হবে।”
সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
ইসির সংলাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়নি উল্লেখ করে সচিব জানান, তবে সংলাপসূচিতে কী কী এজেন্ডা থাকছে তা এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।
গত ২৩ মে আগামী দেড় বছরের কাজের খসড়া সূচি ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা।
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ৩০ অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা।
