২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষার দায় বাড়ল: টিআইবি

ইউনেসকোর ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের অন্তর্ভুক্তি থেকে সাময়িকভাবে অব্যাহতি ‘আপাত স্বস্তিদায়ক’ হলেও তাতে বিশ্ব ঐতিহ্য রক্ষায় বাংলাদেশ ও ভারতের দায় বহুগুণে বাড়ল বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 11:56 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

শুক্রবার টিআইবির এক বিবৃতিতে বলা হয় এই ‘স্বস্তিমূলক অব্যাহতি’ পাওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সাময়িক স্বস্তি রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ও প্রতিবেশী ভারত সরকারের ওপর সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা নিশ্চিতের চ্যালেঞ্জ ও দায় বহুগুণে বাড়িয়েছে।”

পোল্যান্ডে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে বুধবার এক শুনানিতে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) সুন্দরবনকে ‘ঝুঁকিপূর্ণ’ নিদর্শনের তালিকায় যুক্ত করার প্রস্তাব বাদ দেওয়া হয়। 

সেই সঙ্গে পরিবেশের ওপর রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের প্রভাব বুঝতে কৌশলগত সমীক্ষা করার শর্ত দিয়ে সুন্দরবন রক্ষায় ইউনেস্কোর সুপারিশ বাস্তবায়নে দেড় বছর সময় বেঁধে দেওয়া হয়।

শর্ত পূরণে ব্যর্থ হলে সুন্দরবনের ঝুঁকি থেকে যাবে মন্তব্য করে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সুপারিশগুলো জোরালোভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে টিআইবি।