২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিউলের স্ত্রী এখন জাবির প্রশাসনিক কর্মকর্তা

একবছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের স্ত্রী উম্মে সালমাকে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 05:37 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

পুরনো খবর:

রবিউলের স্বপ্ন পূরণে সহযোগিতা চান স্ত্রী
জঙ্গি হামলায় নিহত রবিউলের স্ত্রীকে চাকরি দেবে জাবি

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শুক্রবার সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন। উপ উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন সে সময়।

নিয়োগপত্র পাওয়ার পর ৩৪ বছর বয়সী সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশাবাদী ছিলাম যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে কাজের সুযোগ করে দেবে।”

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। স্নাতকোত্তর পাস করার পর বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন তিনি। 

গতবছর ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন রবিউল। রাতে হামলার খবর শুনে রবিউল ছুটে যান ঘটনাস্থলে। তিনি ও বনানী থানার ওসি মো. সালাউদ্দিন শুরুতেই জঙ্গিদের হামলায় নিহত হন।

রবিউল নিহত হওয়ার সময় অন্তঃসত্ত্বা ছিলেন সালমা। এক মাস পর পৃথিবীতে আসে তার মেয়ে কামরুন্নাহার রায়েনা। ছেলে সাজিদুল আর মেয়ে রায়েনাকে নিয়ে রবিউলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামেই থাকছিলেন তিনি।

পুলিশ বিভাগ ও প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানে কোনোভাবে সংসার চলে গেলেও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ চাইছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী সালমা।

Image
রবিউল ইসলাম

রবিউল ইসলাম

গত ১ জুলাই হলি আর্টিজানে হামলার এক বছর পূর্তির দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন উপাচার্য।

এর আগেও তিনি সালমাকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ভিত্তিতে গত বছর ১ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করেন উম্মে সালমা।

কিন্তু প্রথম শ্রেণির পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা থাকলেও বৃহ্স্পতিবার সালমাকে দৈনিক ৫২৫ টাকা মজুরিতে উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হয়। পরদিন সেই সিদ্ধান্ত বদলে সালমাকে নতুন পদের নিয়োগপত্র দেওয়া হল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ০৬-০৭-২০১৭ তারিখে ইস্যুকৃত নিয়োগপত্র প্রত্যাহারপূর্বক আজ ০৭-০৭-২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ পাওয়ার পর সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার স্বামীকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে।”