আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি: বিচারপতি নাজমুন আরা
দীর্ঘ কর্মজীবনের পর বিদায়বেলায় আত্মতৃপ্তি ঝরেছে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার কণ্ঠে; বলেছেন, নারী বিচারপতি হিসেবে নিজের সাফল্য আর ভুল বিচার কিংবা অন্যায় বিচার থেকে দূরে থাকার কথা।
প্রথা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে এই বিচারপতির জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
১৯৭৫ সালের ২০ ডিসেম্বর বিচার বিভাগে যোগ দেওয়া এ বিচারপতির মেয়াদ ৭ জুলাই শুক্রবার পর্যন্ত। কিন্তু দিনটি শুক্রবার হওয়ায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নাজমুন আরা সুলতানার প্রায় ৪২ বছরের বিচারক জীবনের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি জয়নুল আবেদীনও বিদায়ী এ বিচারপতিকে নিয়ে বক্তব্য রাখেন।
পরে নিজের কর্মজীবনের নানা স্মৃতি-অভিজ্ঞতা তুলে ধরেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।
১৯৭২ সালের আইন পেশার প্রথমদিনে আদালতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “বোধহয় আমার মনের কোনায় ইচ্ছাটা উঁকি দিয়েছিল- আমি কি জজ হতে পারি না? কিন্তু জানলাম আমি জজ হতে পারি না। ওই সময় বাংলাদেশের নারীরা জজ হতে পারত না। আমি ওকালতি করার বছর দেড়েক পরে ওই বিধান সরকার তুলে দেয়।
“১৯৭৫ সনের শেষের দিকে দেশের প্রথম নারী বিচারক হয়ে খুলনার জজশীপে মুন্সেফ হিসেবে যোগদান করি। ওই সময়ে খবরের কাগজে এটি বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিল। প্রতিক্রিয়া দুরকমেরই হয়েছিল। কেউ স্বাগত আবার অনেকে নাক সিঁটকেছিলেন- নারী আবার বিচারক হতে পারে নাকি? নারী আবার কি বিচার করবে? কর্মক্ষেত্রে আমি এই দুরকমের আচরণ পেয়েছিলাম।”
প্রথম নারী বিচারক হিসেবে ব্যর্থ হননি জানিয়ে বিদায়ী এ বিচারপতি বলেন, “আল্লাহর কাছে তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম নারী বিচারক হিসেবে আমি ব্যর্থ হলে হয়তো আজ বাংলাদেশে প্রায় ৪০০ নারী বিচারক হতো না।”
নিজের বিচারকাজ নিয়েও তৃপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা।
“আমি আত্মতৃপ্তি নিয়ে বিচারঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। আমি আমার সুদীর্ঘ বিচারক জীবনে কখনই জেনেবুঝে বা অবহেলা করে বা অমনযোগী হয়ে কোনো ভুল বিচার বা অন্যায় বিচার করিনি।”
এর আগে লিখিত বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচারপতি নাজমুন আরা সুলতানা নারী শিক্ষার অগ্রযাত্রী বেগম রোকেয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “বিচারপতি হিসেবে আপনি আপনার প্রজ্ঞা, মেধা, সততা ও অভিজ্ঞতা দিয়ে বিচার বিভাগকে সমৃদ্ধ করেছেন। হাই কোর্ট বিভাগে অর্থঋণ আদালত আইন বিষয়ের বিভিন্ন আইনগত বিষয় বিচারিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দিয়েছেন, যা আজ সর্বোচ্চ আদালতে সুপ্রতিষ্ঠিত।
“জনগণের কল্যাণ চিন্তা, বিশেষ করে সাধারণ বিচার প্রার্থী জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার ব্যপারে আপনি সবসময়িই সচেষ্ট ছিলেন। বিভিন্ন মামলায় আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত জাতির প্রত্যাশা পূরণ করেছে।”
এছাড়াও বিদায়ী এ বিচারপতির দেওয়া বিভিন্ন মামলার রায় ও আইনি সমাধান তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
এরপর বিকালে জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের বিচারকরা তাকে সংবর্ধনা দেন।
সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকা যায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই দেশের প্রথম নারী বিচারপতিকে অবসরে যেতে হচ্ছে।
নাজমুন আরা সুলতানা শুধুই উচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি ছিলেন না, স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগে তিনিই ছিলেন প্রথম নারী বিচারক।
তিনি ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। পিতা চৌধুরী আবুল কাশেম মইনুদ্দিন। মা বেগম রাশিদা সুলতানা দ্বীন। মা ছিলেন ময়মনসিংহ রাঁধাসুন্দরী গার্লস হাইস্কুলের শিক্ষিকা। একারণে তার শৈশব কেটেছে ময়মনসিংহে। সেখানেই বেড়ে ওঠা। শিক্ষাজীবনও কেটেছে সেখানেই।
এই শহরেরই ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে মেট্রিকুলেশন, ১৯৬৭ সালে মুমিনুন্নেসা মহিলা কলেজ থেকে আইএ পাশ করেন।
নাজমুন আরা সুলতানা ১৯৬৯ সালে আনন্দ মোহন কলেজ থেকে বিএসসি পাশ করার পর ময়মনসিংহ ল’ কলেজ থেকে ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ওই বছরের জুলাইয়ে তিনি ময়মনসিংহ জেলা আদালতে আইনজীবী হিসেবে আইন পেশায় পা রাখেন।
তিনি ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুনসেফ হিসেবে (সহকারি জজ) নিয়োগ পান। পরবর্তীতে ১৯৯০ সালের ২০ ডিসেম্বর জেলা জজ হিসেবে পদোন্নতি পান। তিনিই প্রথম নারী জেলা জজ ছিলেন।
এরপর কর্মদক্ষতার কারণেই নিম্ন আদালত থেকে ধীরে ধীরে দেশের সর্বোচ্চ আদালতে পা রেখেছেন।
২০০০ সালের ২৮ মে তিনি হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর ২০০২ সালের ২৮ মে হাই কোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন।
নারী বিচারকদের সংগঠন বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের (বিডব্লিউজেএ) প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। আন্তর্জাতিক নারী আইনজীবী সংস্থায় দুইবার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুন আরা সুলতানা।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ফতোয়া বিষয়ক মামলা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মামলা, চারদলীয় জোট সরকার আমলে বাদপড়া ১০ বিচারপতির মামলা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, উচ্চ আদালতের বিচারকদের অপসারণ বিষয়ক সংবিধানের ষোড়শ সংশোধনী মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় বিচারক ছিলেন।
এর বাইরে গত ১৭ বছরে উচ্চ আদালতে অসংখ্য মামলায় রায় দিয়েছেন।
তার স্বামী কাজী নুরুল হক। বড়ছেলে কাজী সানাউল হক উপল থাকেন অস্ট্রেলিয়া। ছোট ছেলের নাম এহসানুল হক সূর্য।
