২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী বিচারপতি

প্রায় দেড় যুগের কর্মময় জীবনের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 11:57 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

৭ জুলাই শেষ হচ্ছে তার কর্মজীবন। এদিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে। কিন্তু শেষ দিনটি শুক্রবার হওয়ায় বৃহস্পতিবারই হচ্ছে তার শেষ কর্মদিবস।

বিচারপতি নাজমুন আরাকে বৃহস্পতিবার বিকালে জাজেস লাউঞ্জে সংবর্ধনা জানানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ।

Image
বিচারপতি নাজমুন আরা সুলতানা

বিচারপতি নাজমুন আরা সুলতানা

এছাড়া বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে এ বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে।  

সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকা যায়।

নাজমুন আরা শুধু সর্বোচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি ছিলেন না, স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগে তিনিই প্রথম নারী বিচারক।

বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। পিতা চৌধুরী আবুল কাশেম মইনুদ্দিন। মা বেগম রাশিদা সুলতানা দ্বীন।

রাশিদা সুলতানা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাইস্কুলের শিক্ষিকা। একারণে নাজমুন আরার শৈশব কেটেছে ময়মনসিংহে। সেখানেই বেড়ে ওঠা। শিক্ষাজীবনও কেটেছে ময়মনসিংহেই।

তিনি ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে মেট্রিকুলেশন, ১৯৬৭ সালে মুমিনুন্নেসা মহিলা কলেজ থেকে আইএ পাস করেন।

তিনি ১৯৬৯ সালে আনন্দ মোহন কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেওয়ার পর ময়মনসিংহ ল’ কলেজ থেকে ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি নেন।

এরপর ওই বছরের জুলাইয়ে তিনি ময়মনসিংহ জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

১৯৭৫ সালের ২০ ডিসেম্বর প্রথম নারী মুনসেফ হিসেবে (সহকারী জজ) নিয়োগ পান নাজমুন আরা। ১৯৯০ সালের ২০ ডিসেম্বর জেলা জজ হিসেবে পদোন্নতি পান তিনি। এক্ষেত্রেও তিনি বাংলাদেশের প্রথম নারী।

২০০০ সালের ২৮ মে তিনি হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন নাজমুন আরা।

নারী বিচারকদের সংগঠন বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের (বিডব্লিউজেএ) প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন আরা। আন্তর্জাতিক নারী আইনজীবী সংস্থায় দুইবার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিচারপতি নাজমুন আরা ফতোয়া বিষয়ক মামলা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মামলা, চারদলীয় জোট সরকার আমলে বাদপড়া ১০ বিচারপতির মামলা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, উচ্চ আদালতের বিচারকদের অপসারণ বিষয়ক সংবিধানের ষোড়শ সংশোধনী মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় বিচারক ছিলেন।

তার স্বামী কাজী নুরুল হক। তাদের দুই ছেলে। বড় ছেলে কাজী সানাউল হক উপল থাকেন অস্ট্রেলিয়া। ছোট ছেলে এহসানুল হক সূর্য।