২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্যদের নিয়ে সম্প্রচার কমিশন গঠনের দাবি টিআইবির

সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর জাতীয় সম্প্রচার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 05:16 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

সেই সঙ্গে ‘সময়ের দাবি’ অনুযায়ী জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার কিছু বিষয়ে উদ্বেগও জানিয়েছে সংস্থাটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা- ২০১৭’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বেতার, টেলিভিশনের মতো অনলাইন সংবাদ মাধ্যমকেও সম্প্রচার কমিশনের অধীনে এনে এ নীতিমালা অনুমোদন দেয় সরকার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নীতিমালার খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহের উদ্যোগকে ইতিবাচক। কিন্তু নীতিমালাটি যুগোপযোগী করার লক্ষ্যে অংশীজনের মতামত ও সুপারিশমালা সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় গণমাধ্যমের স্বাধীনভাবে মত প্রকাশ ক্ষেত্রবিশেষে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

“বাংলাদেশে নিবন্ধিত সংস্থা বা প্রতিষ্ঠানকে অনলাইন গণমাধ্যম হিসেবে বিবেচনা করা এবং এর মাধ্যমে এসব সংস্থাকে গণমাধ্যম নীতিমালার আওতাভুক্ত করা অযৌক্তিক। তাই অনলাইন গণমাধ্যমের সংজ্ঞায়ন আরো স্পষ্টতর হওয়া বাঞ্ছনীয়।”

টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন , এই নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (১) উপধারা এবং (৮০) ও (৮৬) ধারা এবং জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ এর ৫ (১.৩), ৫ (১.৫) ও ৫ (১.৯) বিতর্কিত ধারাগুলো অর্ন্তভুক্ত হওয়ায় গণমাধ্যমকেও মেনে চলতে হবে, যা গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের প্রধান অন্তরায় ও সংবিধানস্বীকৃত চিন্তা ও বিবেকের স্বাধীনতা পরিপন্থী।

তিনি বলেন, “তথ্য মন্ত্রণালয়কে এই নীতিমালা বাস্তবায়নের সাময়িক দায়িত্ব না দিয়ে অনতিবিলম্বে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করতে হবে এবং কমিশন না হওয়া পর্যন্ত গণমাধ্যমের আরও স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম নীতিমালার বাস্তবায়ন স্থগিত রাখতে হবে।”

পুরনো খবর:

অনলাইন সংবাদমাধ্যমও সম্প্রচার কমিশনের অধীনে