আশাশুনির মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি অবৈধ: হাই কোর্ট
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি অবৈধ বলে রায় দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
পরে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আশাশুনি উপজেলার কমিটি অবৈধ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। একইসঙ্গে ওই কমিটির প্রস্তুত করা ১৬ ফেব্রুয়ারির প্রতিবেদনও বাতিল করেছেন।
হাই কোর্টের এ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে পুনরায় কমিটি গঠন করে যাচাই-বাছাই সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।
নিয়ম অনুসারে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি না রাখা এবং ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ রয়েছে এমন একজনকে কমিটিতে রাখার অভিযোগ এনে গত ৬ ফেব্রুয়ারি এই রিট করেন মুক্তিযোদ্ধা আবদুল গণি সরদার।
এ রিটের শুনানি নিয়ে হাই কোর্ট আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করে।
এ রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।
