২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউটি ফ্রি শপে টাকা চুরির অভিযোগ, ইউজিসি কর্মকর্তা বরখাস্ত

বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী সচিব (প্রটোকল ও লিয়াজোঁ) এম এ ওয়ারেছকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে বুধবার এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়।

তুরস্কের কাউন্সিল অব হায়ার এডুকেশনের প্রেসিডেন্ট অধ্যাপক এম এ ইয়েকতা সারাচের নেতৃত্বে বাংলাদেশে আসা একটি প্রতিনিধি দলকে বিদায় জানাতে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যান ওয়ারেছ।

অতিথিদের বিদায় দিয়ে ফেরার সময় একটি ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরির অভিযোগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক হন।

সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়, ওয়ারেছ প্রথমে টাকা চুরির বিষয়টি অস্বীকার করলেও পুলিশ তাকে চ্যালঞ্জ করে। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখিয়ে তার পকেট তল্লাশি করে টাকা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় কমিশনের ভাবমূর্তি ‘মারাত্মকভাবে ক্ষুণ্ন’ হয়েছে উল্লেখ করে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুরির ঘটনা তদন্ত করতে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মো. আখতার হোসেন ও অধ্যাপক এম শাহ নওয়াজ আলিকে এ কমিটির সদস্য করা হয়েছে।কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী দশ কর্মদিবসের মধ্যে।