পাঁচ বছর আগের মামলায় ২ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর মধ্য পীরেরবাগ এলাকায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ বছর আগে দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, মো. আলমগীর হোসেন (৪৫) ও মো. সুরুজ মিয়া (৪২)।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে বুধবার পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মধ্য পীরেরবাগের একটি ‘চিহ্নিত চাঁদাবাজ’ চক্র একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার কিছু অর্থ জোর করে আদায়ও করে। দাবি করা পুরো চাঁদা না দিলে গুম্ ও হত্যার হুমকিও দেওয়া হয়।
পরে ভিকটিম সুলতানা আশরাফি বাদী হয়ে আটজনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মিরপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে একটি অভিযোগপত্র জমা দেওয়ার পর বাদীর না-রাজি আবেদনে মামলাটি ফের তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
নতুন করে তদন্ত করতে গিয়ে পিবিআই আলমগীর ও সুরুকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
