রূপপুর প্রকল্পে সার্বিক সহায়তার আশ্বাস আইএইএ মহাপরিচালকের
বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইয়ুকিয়া আমানো।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য দেখা করে এ প্রতিশ্রুতি দেন তিনি।
রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ, এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া ১২ হাজার কোটি ডলার।
প্রকল্পটির প্রথম ইউনিটের কাজ ২০২২ সালে এবং দ্বিতীয় ইউনিটের কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনার সঙ্গে আইএইএ মহাপরিচালকের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “ইয়ুকিয়া আমানো বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পর্কে তিনি যতটা ভেবেছিলেন, তার চেয়েও বেশি কাজ হয়েছে।”
বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে আইএইএর সহযোগিতা কামনা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তুলে ধরেন।
বাংলাদেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলেও আইএইএ মহাসচিবকে জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
রূপপুরের নিরাপত্তা ব্যবস্থায় ‘সন্তুষ্ট’ আইএইএ
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় ‘সন্তুষ্টি প্রকাশ’ করেন আইএইএ মহাপরিচালক ইয়ুকিয়া আমানো।
গত সোমবার রুপপুরের প্রকল্প এলাকা পরিদর্শনের কথা উল্লেখ করে আমানো বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আইএইএ’র সংশ্লিষ্ট রক্ষাকবচগুলো মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।
এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ‘ব্যাপক গ্রহণযোগ্যতা’ তৈরি করতে সক্ষম হওয়ায় আমানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংসা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন আইএইএ মহাপরিচালক। এছাড়া রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও পরামর্শ সহায়তা দেওয়া অব্যাহত রাখার ক্ষেত্রে আইএইএ বাংলাদেশকে ‘অগ্রাধিকার’ দেবে বলেও আশ্বাস দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের জবাবে রূপপুর বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে নিয়মিত পর্যবেক্ষণ দল পাঠানোরও প্রতিশ্রুতি দেন আইএইএ মহাপরিচালক।
আইএইএ মহাপরিচালক হিসেবে বাংলাদেশে এটা আমানোর দ্বিতীয় সফর। বুধবার ঢাকা ছাড়বেন ইয়ুকিয়া আমানো।
