২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৬৮৪ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ উপায়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 12:23 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

এরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা এলাকার মো. বেল্লাল উদ্দিন ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মো. রুবেল।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, মঙ্গলবার রাতে শাহজালালে অভিযান চালিয়ে দুইজন যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৬ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেট ৬৮৪ কার্টনে পাওয়া যায়।

তিনি জানান, আগে থেকে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ওই দুই যাত্রী ৩ নম্বর ও ৬ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হয়ে দ্রুত চলে যাওয়ায় তাদের গতিরোধ করা হয়।

পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের ছয়টি লাগেজ খুলে এসব সিগারেট পাওয়া যায়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট অবৈধ উপায়ে আনা হয়েছে বলে ধারণার কথা জানিয়ে গুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫৪ লাখ ৭২ হাজার টাকা।

আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।