নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীর মামলা
এক সেনাকর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ঢাকার পল্লবী থানায় মামলা করেছে তার বাসার শিশু গৃহকর্মী।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আসিফ ইকবাল জানান, সাবিনা আক্তার নামের ১১ বছর বয়সী মেয়েটির বাড়ি টাঙ্গাইল জেলায়। গত ছয় মাস ধরে মিরপুর ডিওএইচএসে লেফটেন্যান্ট কর্নেল তসলিম আহসানের বাসায় কাজ করছিল সে।
“মামলার এজাহারে বলা হয়েছে, সাবিনাকে প্রায়ই মারধর করতেন গৃহকর্ত্রী আয়েশা লতিফ। রোববার মারধরের এক পর্যায়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।”
এসআই আসিফ বলেন, মেয়েটির শরীরে ‘অসংখ্য আঘাতের চিহ্ন’ ছিল। রোববার রাতে মামলা হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল তসলিম আহসান বা তার স্ত্রী আয়েশা লতিফের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর ) পরিচালক রাশেদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কর্তৃপক্ষ এ বিষয়ে ওয়াকিবহাল রয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্ত কর্মকর্তা এসআই আসিফ জানান, রোববার সাবিনাকে ওই বাসা থেকে বের করে দেওয়ার পর তাকে রাস্তায় কাঁদতে দেখে স্থানীয় লোকজন পল্লবী থানায় নিয়ে আসে। পরে সাবিনার অভিযোগের ভিত্তিতে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়।
পুলিশ অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান।
