রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ঈদ শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে সময় রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।”
তিনি আরও বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সুইডেন সফর এবং ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
সাড়ে ১০টার দিকে বঙ্গভবন থেকে বের হন শেখ হাসিনা।
এর আগে গত ১৬ মে আবদুল হামিদের সাক্ষাৎ করতে বঙ্গভবন গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গত ১৬ মে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে ওই মাসে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যান।
পরে ওই মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’ এ যোগ দিতে দেশটিতে যান প্রধানমন্ত্রী। পরে জুন মাসে দ্বিপক্ষীয় সফরে সুইডেন যান শেখ হাসিনা।
