২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ছায়া জাতিসংঘের নবম সম্মেলন শুরু

তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে টেকসই উন্নয়নের চর্চা বাড়াতে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বসেছে শিশু-কিশোরদের ছায়া জাতিসংঘের নবম সম্মেলন ‘বানমুন ২০১৭’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 08:25 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

এবারের আসরের প্রতিপাদ্য হচ্ছে- ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকটিভ হেলথ আন্ড রাইটস’।

জাতিসংঘ যুব ও ছাত্র সংসদ বাংলাদেশের (ইউনিস্যাব) উদ্যোগে শনিবার সকালে বুয়েট অডিটরিয়ামে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবির বলেন, “বিশ্বে টেকসই উন্নয়নে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। সুস্পষ্ট ধারণা রাখতে হবে জাতিসংঘের কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কেও।

“বিভিন্ন ইয়ুথ পলিসিতে শুধু সমস্যা নিয়ে আলোচনা করা হয় কিন্তু সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয় না, তাই এ ধরনের সম্মেলনের মাধ্যমে সমাধানের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চিন্তা করছি।”

ইউনিস্যাবের সভাপতি মোহাম্মদ মামুন মিয়া বলেন, “২০০২ সাল থেকে ছাত্র-যুবকদের ক্ষমতায়নে গুরুত্বারোপ করে বানমুন সম্মেলন আয়োজন করে আসছে। এবারে আমাদের নবম আসর বসেছে। এ বছর সম্মেলনে মোট ৬০০ জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশ নিচ্ছেন।”

সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে ১০টি কমিটি করা হয়েছে, যারা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ইউনিস্যাবের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ শাইখ ইমতিয়াজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উম্মে সালমা বেগম।