হামলার বার্ষিকীতে ৪ ঘণ্টা খোলা থাকবে সেই হলি আর্টিজান
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার বার্ষিকীতে ৭৯ নম্বর সড়কের সেই ভবনের ফটক চার ঘণ্টা খোলা রাখা হবে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।
ওই ভবনের মালিক সামিরা আহম্মদের স্বামী সাদাত মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভবনের লন সবার জন্য খোলা রাখা হবে।
গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতেই ছিল হলি আর্টিজান বেকারি। উন্মুক্ত সবুজ লনের ওই রেস্তোরাঁ বিদেশিদের কাছে বেশ জনপ্রিয় ছিল।
গত বছর ১ জুলাই রাতে ওই বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় দুই পুলিশসহ ২২ জন নিহত হন, যাদের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক।
সারা রাত উৎকণ্ঠার পর ২ জুলাই ভোরে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সেই সঙ্কটের রক্তাক্ত সমাপ্তি ঘটে।
জঙ্গি হামলা ও কমান্ডোদের অভিযানে ভবনটির সীমানা দেয়াল ও বেকারির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়; নষ্ট হয় ভেতরের মালামাল।
হলি আর্টিজান বেকারির এই ফাইল ছবিটি গুগল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’ থেকে নেওয়া
জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর হলি আর্টিজান বেকারির হাল ছিল এমন
দীর্ঘদিন বন্ধ রাখার পর আইনশৃঙ্খলা বাহিনী গত বছরের ১২ নভেম্বর মালিকের হাতে ভবনটি হস্তান্তর করে। আর গত ১০ জানুয়ারি গুলশান এভিনিউয়ে র্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্প পরিসরে হলি আর্টিজান বেকারি নতুন করে চালু হয়।
সাদাত মেহেদী জানান, ৭৯ নম্বর সড়কের ওই বাড়ি এখন নিজেরা থাকার জন্য মেরামত ও গোছগাছ করে নিচ্ছেন তারা। কাজ শেষ হলেই সেখানে উঠবেন।
১৯৭৯ সালে ‘আবাসিক ভবন কাম ক্লিনিক গড়ে তোলার জন্য’ ডা. সুরাইয়া জাবিনকে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়িটি। ১৯৮২ সালে ওই প্লটের একপাশে গড়ে তোলা হয় লেকভিউ ক্লিনিক।
সুরাইয়ার মৃত্যুর পর প্লটের মালিক হন তার মেয়ে সামিরা ও সারা আহম্মদ। সামিরার স্বামী সাদাত মেহেদী তার বন্ধু নাসিমুল আলম পরাগসহ কয়েকজন মিলে ২০১৪ সালের জুনে সেখানে গড়ে তোলেন হলি আর্টিজান বেকারি।
ভবনটির ফটক রয়েছে বন্ধ; কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না
তিনি জানান, যারা আসবেন তারা ভবনের বাইরে লনে এবং বারান্দা পর্যন্ত আসতে পারবেন। ভবনের ভেতরে যেতে পারবেন না।
