রাজধানীর ওয়ারীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর ওয়ারী এলাকায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
জালাল নামের ৩০ বছর বয়সী ওই যুবক ওয়ারী এলাকায় টোকাইয়ের কাজ করতেন বলে পুলিশের ভাষ্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, তানিয়া নামের এক তরুণী শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জালালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালের পেটে ছুরির জখম থাকার কথা জানিয়ে বাচ্চু বলেন, “কে কোথায় কেন জালালকে ছুরি মেরেছে তা পুলিশকে বলতে পারেননি তানিয়া। শুধু বলছে, তারা ওয়ারী এলাকায় রাস্তার পাশে থাকে। সেখানেই জালালকে রক্তাক্ত অবস্থায় পেয়েছে।”
বাচ্চু বলেন, তানিয়াকে তার মাদকাসক্ত বলে মনে হয়েছে। জালালের লাশ মর্গে রাখা হয়েছে।
