মসুলের গ্র্যান্ড মসজিদ ‘উড়িয়ে দিয়েছে আইএস’
তিন বছর আগে যেখানে দাঁড়িয়ে খিলাফতের ঘোষণা দিয়েছিলেন আবু বকর আল বাগদাদি, তার দল ইসলামিক স্টেট মসুল শহরের সেই গ্র্যান্ড আল-নূরি মসজিদই উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী।
ইরাকের দক্ষিণাঞ্চলে দ্বাদশ শতকের ওই প্রাচীন মসজিদটি তার দেড়শ ফুট উঁচু হেলানো মিনারের জন্য বিখ্যাত ছিল।
ইরাকি বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটির এলিট কাউন্টার টেররিজম সার্ভিসের সদস্যরা মসুলের পুরনো অংশে ওই গ্র্যান্ড মসজিদের ৫০ মিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে বিস্ফোরণ ঘটানো হয়।
ইরাকি বাহিনীর এই অভিযানের কমান্ডার একে আইএসের ‘আরেকটি ঐতিহাসিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।
অবশ্য আইএস তাদের মুখপাত্র আমাকে এক বিবৃতিতে দাবি করেছে, মসজিদটি ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায়।
আর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই মসজিদ উড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘আইএস এর পরাজয় স্বীকার করে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা’ হিসেবে দেখছেন।
মসুলের গ্র্যান্ড মসজিদের মিনারে আইএসের কালো পতাকা। ফাইল ছবি
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেছেন, ইরাক আর মসুলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আইএস ধ্বংস করে দিল।
এর আগেও ইরাক ও সিরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে আইএস।
এই জঙ্গি দল মসুলের এক লাখ মানুষকে জিম্মি করে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।
আল কায়েদার দলছুট একটি অংশ নিয়ে ২০০২ সালের দিকে ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) গড়ে তোলেন আবু বকর আল বাগদাদি। তার নেতৃত্বে অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতাশালী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয় আইএসআই।
২০১৪ সালে আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা এবং ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় আইএস। ওই বছর ৪ জুলাই গ্র্যান্ড আল-নূরি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে খিলাফত কায়েমের ঘোষণা দেন বাগদাদি, যার খলিফা তিনি নিজে।
এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত বা আইএসআইএল, যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়।
২০১৪ সালে গ্র্যান্ড মসজিদের মেহরাব থেকেই খিলাফতের ঘোষণা দিয়েছিল আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি
পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরাকি নাগরিক বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। তাকে ধরিয়ে দিতে গতবছর আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কয়েকবার তার মৃত্যুর খবর পশ্চিমা সংবাদমাধ্যমে এলেও পরে আবার তিনি জীবিত অবস্থায় আত্মপ্রকাশ করেছেন
সর্বশেষ চলতি মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবামাধ্যমগুলো জানায়, গতমাসের এক বিমান হামলায় বাগদাদি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত দুই বছরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী এবং রুশ বাহিনীর একের পর এক অভিযানে আইএসের শাক্তি অনেকটাই কমে আসার পর গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে মসুলে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।
এরপর মঙ্গলবার ইরাকি বাহিনী মসুলের পুরনো অংশে আইএসের আস্তানা ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। ওই এলাকার ভিতরেই গ্র্যান্ড আল-নূরি মসজিদ।
ইরাকি বাহিনীর কয়েক হাজার সদস্যের সঙ্গে কুর্দি যোদ্ধা, শিয়া মিলিশিয়া এবং সুন্নি আরব বিভিন্ন গোত্রের যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছেন।
