শিশুশ্রম কোনোভাবেই কাম্য নয়: রাষ্ট্রপতি
সস্তা শ্রমের জন্য শিশুদের ব্যবহার কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিশুদের বিকাশে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীতে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, “অনেক মালিক সস্তায় শ্রম পাওয়ার আশায় শিশুদেরকে দিয়ে কাজ করিয়ে থাকে, যা কোনোভাবেই কাম্য নয়। তা ছাড়া গৃহকর্মে নিয়োজিত শিশুরাও অনেক ক্ষেত্রে নিরাপদ নয়। বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে শিশুদের উপর অমানবিক নির্যাতনের ঘটনাও গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”
রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহারকে ‘অনৈতিক’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “অনেক সময় রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডেও শিশুদের ব্যবহার করতে দেখা যায়। সামান্য টাকা ও খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুদের বিভিন্ন অনৈতিক কাজেও ব্যবহার করা হয়। তাই শিশুদের জন্য বিশেষ করে তাদের সুস্থ বিকাশের জন্য শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। তারা যাতে পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক জগৎসহ সকল ক্ষেত্রে সমান অংশীদারিত্বের সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে।”
শিশুদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “শিশুশ্রম নিরসনে সরকারের উদ্যোগের পাশাপাশি অভিভাবক, নিয়োগকারী সংস্থা, বিভিন্ন শ্রম সংস্থা, শ্রমিক সংগঠন ও মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
“একটি শিশু যখন স্কুলে যাওয়ার কথা, হেসে খেলে সময় কাটানোর কথা, দুঃখজনক হলেও এটা সত্য যে, ওই সময়টা অনেক শিশুকে কঠিন কাজে লিপ্ত থাকতে হয়। অনেক অভিভাবক আর্থিক সংকটের কারণে বা অন্য কোনো কারণে বাধ্য হয়েই শিশুদেরকে কাজে পাঠান।”
উৎপাদন থেকে বিপণন প্রতিটি স্তরকে শিশু শ্রম মুক্ত করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের এ কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন দেশের জনগণের মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে কিনা তা তদারকিসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুশ্রমের কারণে মানবাধিকার লঙ্ঘন হলে কমিশন দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে-দেশবাসী তা প্রত্যাশা করে।”
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল-ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি প্রমুখ।
