২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঈদগায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: মেয়র

ঈদুল ফিতরের প্রধান জামায়াত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 04:07 PM

Updated : 11 Oct 2022, 02:10 PM

বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত এক সমন্বয় সভা শেষে মেয়র বলেন, “জাতীয় ঈদগায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে যে মুসল্লিরা আসবেন আমরা তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব।

“এজন্য ঢাকা মহানগর পুলিশ এবং র‍্যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় সবকিছু রাখা হবে।”

সভায় জানানো হয়, জাতীয় ঈদগার প্রধান জামাতে ৮৪ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। পাঁচ হাজার নারীও ঈদের নামাজ পড়তে পারবেন।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সভা শেষে মেয়র জানান, মুসল্লিদের অজু করার ব্যবস্থা থাকবে। তাদের জন্য মোবাইল টয়লেট রাখা হবে। মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম কাজ করবে। গাড়ি নিয়ে আসা মুসল্লিদের গাড়ি রাখার জায়গার ব্যবস্থা থাকবে।

এছাড়া প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে মেয়র জানান।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট, ঢাকা মহানগর পুলিশ, র‍্যাব, ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, ডিপিডিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।