২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধের ১১ ঘণ্টা পর স্বাভাবিক লঞ্চ চলাচল

নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধের প্রায় ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 12:29 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

আবহওয়ার অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল সোয়া ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে আটটি লঞ্চ দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে সোমবার রাত সাড়ে ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।

নিম্নচাপের প্রভাবে অবিরত বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সোমবার সারাদিনে ঢাকার সদরঘাট থেকে লঞ্চও কম চলছিল।

রোববার উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে সোমবার সকালে স্থলভাগে উঠে আসে। এর প্রভাবে রোববার রাত থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরুর পর সোমবার দিনভর তা অব্যাহত থাকে।

নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়।

ঝড়ো বাতাসের মধ্যে তীব্র ঢেউয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্টের কাঁচামাল নিয়ে দুটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। এছাড়া কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন দুই জেলে।

পুরনো খবর:

বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ
নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি
চাঁদপুরে লঞ্চ চলাচল বন্ধ
ঝড়ো বাতাসে ডুবেছে লাইটারেজ জাহাজ