বৃষ্টি মাথায় ট্রেন টিকেটের ভিড়
রাতভর অপেক্ষার পর ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার সকাল ৮টায় কমলাপুর স্টেশনের ২৩টি কাউন্টার থেকে একসঙ্গে টিকেট বিক্রি শুরু হয়।
সোমবার দেওয়া হচ্ছে ২১ তারিখের যাত্রার অগ্রিম টিকেট। অগ্রিম টিকেট বিক্রির এই কার্যক্রম চলবে ১৬ জুন পর্যন্ত।
প্রতিবারের মত এবারও আগাম টিকেটের জন্য আগের রাত থেকে ভিড় জমতে শুরু করে কাউন্টারের সামনে। সকালে বৃষ্টি উপেক্ষা করেই অসংখ্য মানুষ কমলাপুরে এসে যোগ দেন লাইনে।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে মো. জালাল উদ্দিন জানালেন, রাজশাহীর টিকেটের জন্য তিনি কমলাপুরে এসে বসে আছেন রোববার সন্ধ্যা থেকে। ইফতার, সেহেরি, দুটোই সেরেছেন স্টেশনে।
এই কষ্টের ফলও মিলেছে। সকালে যখন কাউন্টার খুলল, জালাল তখন লাইনে সবার সামনে।
রাজশাহীর টিকেটের জন্য একই কাউন্টারের লাইনে ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র জাফর ইকবাল। তিনিও কমলাপুরে এসেছেন আগের রাতে।
“রাতে কার্ড খেলসি, পেপার পড়ছি। তবে ফ্যানগুলো বন্ধ থাকায় কষ্ট হয়েছে। স্টেশনের লোকদের কয়েকবার বলার পরও ফ্যান ছাড়ে নাই। মশার কামড় খেতে হয়েছে।”
“আমাদের ওই এলাকায় বাসে যাতায়াত ব্যবস্থা ভালো না। এই কারণে কষ্ট হলেও ট্রেনে যাই। আর ওই রুটে তিস্তা এক্সপ্রেসের জার্নি কিছুটা আরামদায়ক।”
লালমনি এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধার টিকেট কিনলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আনিসুর রহমান। সড়ক পথের ঝক্কি এড়াতেই তার ট্রেন টিকেটের লাইনে এই কষ্ট করা।
“গত মাসের ৩১ তারিখে বাড়ি থেকে বাসে এসেছিলাম। টাঙ্গাইলে এসে সাড়ে চার ঘণ্টার জ্যামে পড়েছিলাম। ঈদের সময় তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। এজন্য ট্রেনে যাব।”
“আজকে ভিড় একটু কম ছিল। এ কারণে সহজেই পেয়েছি। এখন ভালো লাগছে।”
তবে রোববার সন্ধ্যা থেকে অপেক্ষার পরও প্রত্যাশিত টিকেট না পাওয়ার অভিযোগ করেছেন রবিউল ইসলাম। চট্টগ্রামের তূর্ণা নিশিথার এসি টিকেট চেয়েছিলেন তিনি, কিন্তু পাননি।
“আমার আগে ছিলেন মাত্র দুজন। একজন যাত্রী সর্বোচ্চ চারটা টিকেট কিনতে পারে। তাহলে এসি টিকেট গেল কই? ১০ মিনিটের মধ্যেই টিকেট শেষ হয় কীভাবে?”
সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনে আসেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। তিনি বলেন, পরিস্থিতি ‘সন্তোষজনক’।
শুরুতেই এসি টিকেট শেষ হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ২৫ শতাংশ টিকেট অনলাইনে দেওয়া হয়। ৫ শতাংশ ভিআইপি কোটা, ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। বাকি ৬৫ শতাংশ টিকেট কাউন্টারে দেওয়া হয়। এজন্য এসি টিকেটের প্রাপ্যতা কমে যায়।
তিনি জানান, কমলাপুর থেকে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে ৫৫ হাজারের মতো টিকেট দেওয়া হবে। আর আন্তঃনগর ট্রেনের জন্য ২২ হাজার ১২২টি টিকেট বিক্রি করা হবে।
ঈদ সামনে রেখে টিকেট কালোবাজারি হচ্ছে না দাবি করে আমজাদ হোসেন বলেন, “কালোবাজারি শূন্যের কোঠায়। আমরা কোনো টিকেট কালোবাজারি হতে দেব না। এজন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।”
টিকেট বিক্রি শুরু হওয়ার আগেই সেখানে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। কেউ যাতে সিরিয়ালের বাইরে না দাঁড়ান, সে বিষয়টি তারা দেখছেন। এছাড়া শৃঙ্খলা ঠিক রাখতে টিকেট প্রত্যাশীরাও কাগজে ‘সিরিয়াল’ দিয়ে রেখেছেন দেখা গেল।
ঈদের মওসুমে সারাদেশে প্রতিদিন ২ লাখ ৬৫ হাজার যাত্রী বহন করতে পারে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ৬০ হাজার, চট্টগ্রাম থেকে ১৫ যাত্রী বহন করা হয়।
ঈদ উপলক্ষে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলাচল করবে এসব ট্রেন।
এছাড়া ঈদের পর ফিরতি পথের যাত্রীদের নিয়ে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।
শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে।
