‘জেএমবির পৃষ্ঠপোষক’ গার্মেন্ট মালিক গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপকে অর্থ যোগানোর অভিযোগে এক গার্মেন্ট মালিক ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বলছে, গাজীপুরে জেমটেক্স লিংকেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ জেএমবির কেন্দ্রীয় দাওয়াত বিষয়ক কমিটির শুরা সদস্য। তিনি অস্ত্র ও বিস্ফোরক কেনার জন্য সংগঠনকে অর্থ জোগানোর পাশাপাশি জেএমবির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিলেন।
শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক বাড়ি থেকে ইমরান ও তার গাড়ি চালক শামীম মিয়াকে একটি পিস্তল, দুটি গুলি ও বেশ কিছু উগ্র মতবাদের বইসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।
রোববার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
মুফতি মাহমুদ খান বলেন, জেএমবির শুরা সদস্য ইমরান ঢাকা মহানগর পশ্চিমের (গুলশান-বনানী-মিরপুর) দাওয়াতি শাখার আমীর হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা মহানগর ছাড়াও চট্টগ্রাম বগুড়া, কুমিল্লা, কক্সবাজার এবং রাজশাহীসহ দশটি জেলার দাওয়াতি কার্যক্রমে তার সম্পৃক্ততা ছিল।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশাল অর্থ সম্পদের মালিক ইমরান গোপনে বিভিন্নভাবে জঙ্গি অর্থায়ন করে আসছিলেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”
সংবাদ সম্মেলনে বলা হয়, গতবছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকেই জঙ্গি অর্থায়নের বিষয়ে তদন্তকারীদের নজরদারি ছিল।
ঢাকায় গত ১৬ নভেম্বর র্যাবের এক অভিযানে আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যারা জঙ্গি প্রশিক্ষণ ও অর্থ সমন্বয়ে যুক্ত ছিল বলে র্যাবের ভাষ্য।
যেভাবে জঙ্গিবাদে ইমরান
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে ওবায়েদ নামে এক বন্ধুর মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রাহমানীর সঙ্গে ইমরানের ঘনিষ্ঠতা হয়। রাহমানী পরে মাওলানা আব্দুল হাকিমের সঙ্গে ইমরানের পরিচয় করিয়ে দেন।
“মাওলানা হাকিমের মাধ্যমেই তার জেএমবির সারোয়ার-তামিম গ্রুপে অন্তর্ভুক্তি এবং নন্দিপাড়া কোরআন সুন্নাহ একাডেমি মসজিদের খতিব শায়খ আরিফ হোসেনের সঙ্গে সখ্যতা। শায়খ আরিফ বর্তমানে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের কেন্দ্রীয় দাওয়াত বিষয়ক শুরা বোর্ডের আমীর বলে ইমরান র্যাবকে জানিয়েছে।”
র্যাব বলছে, ইমরান তার অফিস, গার্মেন্ট, ব্যক্তিগত লাইব্রেরিতে আসাদুল্লাহ গালিব, জসিমউদ্দিন রাহমানী, জুন্নুন শিকদার এবং আইএস এর প্রতীক সম্বলিত জঙ্গিবাদি বই সংরক্ষণ করতেন। তিনি ৩০টির বেশি দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সময়ে বিদেশ থেকে জঙ্গিবাদি বই সংগ্রহ করেছেন।
‘জঙ্গি অর্থায়ন’
ইমরান আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিবাদে তার অর্থ যোগানোর বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান জেএমবির সামরিক শাখার জন্য অস্ত্র ও বিস্ফোরক কেনার অর্থ যুগিয়েছেন এবং কারাগারে থাকা জেএমবি সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন।
জুন্নুন শিকদারসহ কয়েকজন জঙ্গি সদস্যের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে ইমরান সহযোগিতা করেছেন, র্যাবের হাতে গ্রেপ্তার মাওলানা আব্দুল হাকিমকে জেল থেকে ছাড়ানোর জন্য তার স্ত্রীকে দিুই লাখ টাকা দিয়েছেন এবং জেএমবির শুরা সদস্য সাজিদকে বিভিন্ন সময় আশ্রয় ও অর্থ সহায়তা দিয়েছেন বলেও র্যাবের ভাষ্য।
আমিরের নাম ‘আবু মুহারিব’
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাজিদ বিভিন্ন সময়ে কামরান, লাল ভাই, হাবিবুর রহমান, মামুন বা রশিদ নাম নিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বর্তমানে তিনি জেএমবির ‘গুরুত্বপূর্ণ একটি পদে’ আছেন।
“সে জেএমবির মূল সমন্বয়কারী হিসেবে কেন্দ্রীয় আমির আবু মুহারিবের আস্থাভাজন। আবু মুহারিবের পরিকল্পনায় সাজিদ জেএমবির মূলধারা এবং বর্তমান ধারাকে একত্রিত করার প্রয়াস নিয়েছে। এজন্য সে বিভিন্ন স্থানে জেএমবির শুরা সদস্যদের সঙ্গে গোপনে বৈঠকে মিলিত হয়েছে।”
জিজ্ঞাসাবাদে ইমরান র্যাবকে বলেছেন, সাজিদের সঙ্গে তার যোগাযোগ হত থ্রিমা অ্যাপের মাধ্যমে। গত ২৬ মে থেকে সাজিদের আইডি নিষ্ক্রিয়। ফলে তার বর্তমান অবস্থান তার জানা নেই।
সিলেটের আতিয়া মহলে অভিযানের আগে সাজিদ সেখানে ছিলেন এবং পরে ঢাকায় এসে ইমরানের মহাখালীর বাসায় আশ্রয় নেন বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জেএমবির আমিরের নাম ‘আবু মুহারিব’ বললেও সম্প্রতি পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পক্ষ থেকে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে ‘আইয়ুব বাচ্চু’ ছদ্মনাম নিয়ে এক ব্যক্তি নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টায় আছে, সেই এ দলের নতুন প্রধান।
‘বৈঠক করে নাশকতার পরিকল্পনা’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজিদকে নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন ইমরান। সাজিদ ছাড়াও আব্দুল হাকিম, তাওহীদ, রাশেদ, আনোয়ার ও জনি ওরফে মোহাম্মদসহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে তিনি নিজের বাসায় আশ্রয় দিয়েছেন বিভিন্ন সময়ে।
“হলি আর্টিজানে জঙ্গি হামলার পরে দেখা যায়, জেএমবির মূলধারাসহ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপ তৈরি করেছে। ওই গ্রুপটি গুলশান ও শোলাকিয়ায় নাশকতা। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে এই গ্রুপের দলনেতাসহ উপরের সারির অধিকাংশ সদস্য নিহত বা গ্রেপ্তার হলে সদস্য বাড়ানোর জন্য তারা দাওয়াতের উপর গুরুত্ব আরোপ করে।”
ইমরান আহমেদের কাছে পাওয়া উগ্র মতবাদের বই
এ প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বগুড়ায় জেএমবির দাওয়াতি কার্যক্রমের উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেখানে দাওয়াতি শাখার সাংগঠনিক কাঠামোতে রদবদল আনা হয় বলে র্যাবের ভাষ্য।
র্যাব বলছে, গত ১২ এপ্রিল বগুড়ার সোনাতলায় শায়খ এনামুলের বাড়িতে ওই গোপন বৈঠক হয় বলে ইমরান তাদের জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে ৩০-৩৫ জন সেখানে ছিলেন। বৈঠকে দাওয়াতি আমীর নিবার্চিত হন শায়েখ আরিফ। আর শায়খ এনামুল হন নায়েবে আমীর।
“ওই মিটিংয়ের সিদ্ধান্তগুলো জেএমবির কেন্দ্রীয় আমীর আবু মুহারিবের অনুমোদনের জন্য সাজিদের কাছে পাঠানো হয় বলে ইমরান জানিয়েছে,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
জেএমবির সাংগঠনিক কাঠামো
র্যাব বলছে, বর্তমানে জেএমবির কার্যক্রম পরিচালিত হচ্ছে দাওয়াতি শাখা, সামরিক শাখা, অর্থ শাখা এবং মিডিয়া ও আইটি শাখার মাধ্যমে। এছাড়া শরিয়াহ ও আলেম বোর্ড নামে আলাদা দুটি বিভাগ রয়েছে তাদের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জেএমবির কেন্দ্রীয় আমির নিজে অন্তরালে থেকে একজন বিশ্বস্ত সমন্বয়কারীর মাধ্যমে সংগঠনের সব কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। সাধারণত সামরিক শাখার আমিরই কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত হয় বলে ইমরান জানিয়েছে। এছাড়া উইং বা শাখাগুলোর প্রধানরা কেন্দ্রীয় আমীরের উপদেষ্টা হিসেবে কাজ করে।” সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার শামীম মিয়া (২৯) পেশায় ইমরানের গাড়ি চালক এবং জঙ্গি কার্যক্রমের সহযোগী। ইমরানের মাধ্যমেই তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন।
শামীম বিভিন্ন সময়ে ইমরানের নির্দেশে জেএমবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের কাছে অর্থ ও পার্সেল পৌঁছে দিতেন বলে র্যাবের ভাষ্য।
