জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টিতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে জনগণকে উদ্বুদ্ধ করতে কওমি মাদ্রাসার আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে কওমি মাদ্রাসাগুলোর শীর্ষ আলেমরা রোববার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকরতে গেলে তিনি এ আহ্বান জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।
ইহসানুল করিম বলেন, “কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ায় আলেমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।”
প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে যুগান্তকারী এবং ঐতিহাসিক বলে মন্তব্য করেন তারা।
আলেমরা বলেছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তবলিগ জামায়াতের জন্য কাকরাইলে মসজিদের জায়গা এবং বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা দেওয়াসহ ইসলামের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও আলেমরা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষর্থীদের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মোট ছাত্র-ছাত্রীদের একটা বিরাট অংশ কওমি মাদ্রাসায়পড়ে, তাদের মূল ধারায় সম্পৃক্ত হওয়া উচিত।
কাউকে বাদ দিয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করা যাবে না বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
এ সময় কওমি মাদ্রাসার উন্নয়নের আশ্বাসও দেন শেখ হাসিনা।
