চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন বঙ্গবন্ধুর প্রচেষ্টায়: মেনন
স্বাধীনতা যুদ্ধের সময় চীন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিলেও পরে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় দুই দেশের মধ্যে ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটে সম্পর্কের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “প্রাচীনকাল থেকেই চীনের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। তবে বাংলাদেশের স্বাধীনতার সময় আমাদের মাঝে একটি ভুল বোঝাবুঝি ঘটেছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে।”
রাশেদ খান মেনন ষাটের দশকে ছাত্র ইউনিয়নের চীনপন্থি অংশের নেতৃত্বে থাকলেও ওই ধারার বাম নেতাদের মধ্যে অন্যতম ব্যতিক্রম। ঊনসত্তরের গণঅভ্যুত্থান সংগঠনে ভূমিকা রেখে তিনি স্বাধীনতা যুদ্ধেও অংশ নেন।
বাংলাদেশ-চায়না কালচারাল ইকোনোমিক সেন্টার (বিসিসিইসি) ও সিচুয়ান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র ও বর্হিবিশ্ব বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে; সহযোগিতায় ছিলো চীনা দূতাবাস ও সিচুয়ান প্রাদেশিক সরকার।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সিচুয়ান সাংস্বৃতিক দলের দলপ্রধান শেন চাও ও বিসিসিইসির সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বক্তব্য দেন।
সব মিলিয়ে ছিল দশটি পরিবেশনা, যার শুরুতেই ছিলো ‘হ্যাপিনেস’। শুভ আয়োজনের শুরুতেই সিচুয়ান প্রদেশের নৃত্যধারাকে সমবেত নৃত্যের মধ্য দিয়ে পরিবেশন করেন শিল্পীরা।
এর পর মঞ্চে এল দুই যুবক; পরিবেশনার শিরোনাম ‘দ্য স্ট্রেন্থ’। পাঁচ মিনিটের পরিবেশনায় এ জুটি শারীরিক নানা কসরতে মন জয় করে নেয় মিলনায়তনভর্তি দর্শকদের। এরপর হাতের ছায়ার খেলা- ‘ম্যাজিক্যাল ওয়ার্ল্ড’। দুই হাতের আঙ্গুলের আলো-ছায়ার খেলায় শিল্পী সবার সামনে তুলে আনেন পাখি, কুকুর, পেঁচা, মুরগী, মানব-মানবীর প্রেমগাঁথাসহ আরও নানা কিছু।
ছিল পুতুল খেলা; নানা আঙ্গিকে পুতুলের নৃত্য মন জয় করে নেয় দর্শকদের। তারপর ছিল ফুলের আঙ্গিকে সমবেত নৃত্য, যা শেষ হতেই মঞ্চে আসেন চার তরুণী।
তাদের অ্যাক্রোবেটিক পরিবেশনায় ছিলো শারীরিক নানা কসরত। এরপর সিচুয়ান ওপেরা স্টান্ট ‘ফেস-চেঞ্জিং’। নৃত্যের তালে তালে বারবার শিল্পীদের মুখোশ পরিবর্তন অবাক করে দর্শকদের। সবশেষে ছিল সিচুয়ানের ঐতিহ্যবাহী নাট্যের নৃত্য।
