২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল প্রক্রিয়ায় উন্মুক্তস্থানে ভাস্কর্য স্থাপনে সংকট’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লেডি জাস্টিসের ভাস্কর্য স্থাপন, অপসারণ ও প্রতিস্থাপনের যে ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় জনমনে বিভ্রান্তি ও আশঙ্কার জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন ভাস্কররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

তারা বলছেন, গণপ্রাঙ্গণ বা উন্মুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে নানা সংকট তৈরি হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত একটি শুভ উদ্যোগের ক্ষেত্রে ভুল প্রক্রিয়া অনুসরণের কারণে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ।

এতে বক্তব্য রাখেন সংঘের আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ন আহ্বায়ক ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান, রাজু ভাস্কর্যের ভাস্কর শ্যামল চৌধুরী এবং প্রাক্তনি সংঘের সদস্য-সচিব ও ভাস্কর্য বিভাগের সহকারি অধ্যাপক নাসিমুল খবির।

এ সময় তারা উন্মুক্তস্থানে ভাস্কর্য নির্মাণে সরকারের বিভিন্ন সংস্থাকে দশ দফা সুপারিশ দেন ভাস্কর্যশিল্পীরা।

সুপ্রিম কোর্টের সামনে ‘লেডি জাস্টিসে’র আদলে বসানো ভাস্কর্যটি হেফাজতে ইসলামের দাবির মুখে রোজার আগে সরানো হয়। পরে সেটি আবার স্থাপন করা হয় সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে। 

লিখিত বক্তব্যে এ এ এম কাওসার হাসান বলেন, “বিগত বেশ কয়েক বছর যাবৎ সৌন্দর্যবর্ধনের নামে ঢাকাসহ বিভিন্ন মহানগর ও জনপদে ভাস্কর্য হিসেবে কিছু স্থাপনা বসানো হয়েছে। অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাতে হচ্ছে যে, এগুলোর বেশিরভাগই কদর্য, কুরুচিপূর্ণ। দৃষ্টিনন্দন না হয়ে বরং দৃষ্টিদূষণের সৃষ্টি করছে।”

এই ‘অনান্দনিক’ নির্মাণগুলো এ দেশের শত শত ভাস্করদের ভাবমূর্তি যেমন বিনষ্ট করছে তেমনি জাতীয় মর্যাদার জন্য হুমকিতে পরিণত হয়েছে উল্লেখ করা হয় লিখিত বক্তব্যে।

এতে বলা হয়, এসব ভাস্কর্যের অধিকাংশ নির্মিত ও স্থাপিত হয়েছে ‘অস্বচ্ছ’ প্রক্রিয়ায়। নির্মাণের আগে, নির্মাণের সময় অথবা পরে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের কোনো অভিমত কখনই গ্রহণ করা হয়নি।

২০০৮ সালে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত শিল্পীদের মাধ্যমে ভাস্কর্য নির্মাণের জন্য নীতিমালা প্রস্তাব করে একাধিক সংবাদ সম্মেলন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয়।

কিন্তু অজানা কারণে বিষয়টি উপেক্ষিত থেকে যায় এবং একই ধরনের সংকটের পুনরাবৃত্তি ঘটতে থাকে বলে অভিযোগ করেন কাওসার হাসান।

তিনি বলেন, “এতে দেশ ও জাতির জন্য শুধু অবাঞ্ছিত সংকটই তৈরি হচ্ছে না বরং ভাস্কর্যের সমকালীন অনুশীলনকেও তা বাধাগ্রস্ত করছে এবং ভাস্কর্য সম্পর্কে অহেতুক বিভ্রান্তির জন্ম হচ্ছে।”

সংবাদ সম্মেলনে উন্মুক্তস্থানে ভাস্কর্য নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ দশ দফা সুপারিশ করে।

সুপারিশমালার মধ্যে রয়েছে

সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধনে ভাস্কর্য স্থাপনের প্রক্রিয়া স্থগিত ও প্রচলিতবিধি বাতিল, গণপ্রাঙ্গনে ভাস্কর্য স্থাপনের আগে ভাস্কর্য বিষয়ে প্রত্যক্ষ বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত ভাস্করের সর্বোৎকৃষ্ট ও যথাযথ ভাস্কর্য স্থাপনের জন্য নির্বাচন।

আরও রয়েছে নির্বাচিত ও অনির্বাচিত সকল মডেল ও নকশা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা।

দর্শক প্রতিক্রিয়া বিবেচনায় চূড়ান্তভাবে ভাস্কর্যটি স্থাপনের জন্য অনুমোদন, জনমনে প্রশ্ন উত্থাপিতা হলে নির্বাচকমণ্ডলীর তার উত্তর দিতে বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করা হয়েছে সুপারিশমালায়।

এতে বলা হয়, নির্বাচকরা প্রকৃত ভাস্করদের শিল্পকর্ম নির্বাচনের বিষয়টি নিশ্চিত করবেন এবং ভাস্কর্য নির্মাণ ও সম্মানী প্রাপ্তি তত্ত্বাবধান করবেন।

সরকারি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও এ নীতিমালা মেনে চলার পাশাপাশি ভাস্কর্যকে পাঠ্যসূচিতে আব্যশিক করার দাবি এসেছে সুপারিশে।

দেশের বিবিন্ন স্থানে স্থাপিত ‘মানহীন, কুরুচিপূর্ণ ও দৃষ্টিদূষণকারী’ ভাস্কর্য প্রতিস্থাপনের প্রয়োজনে যোগ্য ভাস্করদের সৃষ্ট মানসম্পন্ন ভাস্কর্য নির্বাচনের জন্য মেয়র, সংশ্লিষ্ট করপোরেশন, রাজউক, সওজ, পূর্ত মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন।