২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা ইফতারে বিপদ

রোজায় ঢাকার হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার পাশে অস্থায়ী দোকান বসিয়ে নানা পদের ইফতার বিক্রি হয় দেদারসে, তবে লোভনীয় এই ইফতার খেয়ে জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়াসহ বিভিন্ন অসুখের বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা।

রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 07:19 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

রোজার মাঝামাঝিতে এসে জন্ডিসে আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকা সাইফ জোবায়ের। মিরপুর-১০ নম্বরের বাসিন্দা সাইফ কোচিং করেন ফার্মগেইট এলাকায়।কোচিং শেষে বাসায় ফিরে ইফতার করার সময় হয় না বলে প্রায় দিনই ফুটপাতের দোকান থেকে খাবার কিনে কাজ সারছিলেন তিনি।

এভাবে সপ্তাহ যেতে না যেতেই শরীর খারাপ হতে শুরু করে সাইফের। চোখ ও হাতের তালু স্বাভাবিকের চেয়ে বেশি হলুদ হয়ে উঠলে চিকিৎসকের শরণাপন্ন হন; জানতে পারেন- তার শরীরে জন্ডিসের জীবাণু বাসা বেঁধেছে।

খোলা ইফতার খেয়েই তার এই রোগ হয়েছে বলে সন্দেহ করছেন সাইফ: “রোজায় আমি বাসায় রাতের খাবার ও সেহরি খাই। এর বাইরে আর কোথাও কিছু খাইনি।

“ডাক্তার বলেছে বাইরের খাবার থেকে এই সমস্যা হয়েছে। আমারও মনে হচ্ছে ফার্মগেইটের ওই ইফতার খেয়েই জন্ডিস হয়েছে।”

রাজধানীর ‘কোচিং পাড়া’ খ্যাত ফার্মগেইট এলাকায় রয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক ভবন। ফলে লাখো মানুষের চলাচল এ এলাকায়। ঈদ সামনে রেখে ফুটপাত ও বিপণিবিতানগুলোতেও বেড়েছে মানুষের ভিড়।

বাড়তি ক্রেতা সমাগমের বিষয়টি মাথায় রেখে এলাকার রেস্তোরাঁগুলো রাস্তার পাশে ইফতারের পসরা সাজিয়ে বসেছে।     

এলাকাটি ঘুরে দেখা যায়, প্রায় সব রেস্তোরাঁর কর্মচারীরা দোকানের সামনে ফুটপাতে খোলা ইফতার সামগ্রী নিয়ে বসেছেন। ধুলাবালির মধ্যে এসব দোকানের কর্মীরা হাতে কোনো দস্তানা ছাড়াই ইফতার তুলে দিচ্ছেন ক্রেতাদের।

তবে এ ধরনের খোলা খাবার এবং হাতে দস্তানা না পরার বিষয়ে কোনো পরোয়া নেই দোকান কর্মীদের।উল্টো উন্মুক্ত অবস্থায় ইফতার বিক্রির পক্ষে যুক্তি তুলে ধরেন তারা।

হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের এক কর্মচারী বলেন, “খাবার হাত দিয়ে তুলে দিলে কী সমস্যা? আমরা তো খাবার দেওয়ার আগে হাত ধুয়ে নিই। আর খাবার ঢেকে রাখাও সম্ভব না, কারণ মানুষ দেখে কিনতে চায়।”

এখানকার একটি রেস্তোরাঁর হালিম খেয়ে পেটের পীড়ায় ভুগেছেন বলে জানালেন গ্রিন রোডের বাসিন্দা প্রকৌশলী মোশতাক আহমেদ।

তিনি বলেন, “ওরা খাবার ঢেকে রাখে না। রাস্তার ধুলাবালি ময়লা যায় খাবারের ভেতর।”

ক্ষতিকর জেনেও খোলা খাবার কেনার পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, “আসলে বাসায় যেসব ইফতার আইটেম বানানো যায় না, সেগুলোই সবাই বাইরে থেকে কেনেন। তবে স্বাস্থ্যের কথা ভাবলে এগুলো না কেনাই উচিত।”

এই দোকানের পাশে আরও কয়েকটি রেস্তোরাঁ ফুটপাতে ইফতারের পসরা নিয়ে বসেছে। একই হাল তাদেরও।

‘নিউ কস্তরী ফুডের’ সামনে দাঁড়িয়ে জিলাপির দরদাম করছিলেন সোবহান মিয়া। কিছুক্ষণ ভেবে পরে খোলা জিলাপি কেনা থেকে বিরত হন তিনি।

“জিলাপি ঘরে তৈরি করা সম্ভব হয় না, তাই বাইরে থেকেই কিনতে হয়। কিন্তু সন্তানদের তো আর অস্বাস্থ্যকর ইফতার খাওয়ানো যাবে না। এদের হাইজিনের অবস্থা খুব শোচনীয়,” বলছিলেন সোবহান।

খোলা খাবার বিক্রিতে কোনো দোষ দেখেন না ফার্মগেইটের চন্দ্রিমা হোটেলের এক কর্মচারী: “সবাই বেচতেছে, আমরাও বেচতেছি।”

তবে ভিন্ন চিত্র দেখা যায় জনপ্রিয় কাসুন্দি রেস্টুরেন্টে। যথাসম্ভব ঢেকে ইফতার সামগ্রী সাজিয়েছে তারা।কর্মীরাও হাতে দস্তানা ও মাথায় টুপি পরে আছেন।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই স্বাস্থ্যকর ও পরিচ্ছন্নভাবে ইফতার বিক্রি করতে।কিন্তু এখানকার অধিকাংশ রেস্তোরাঁয় পরিচ্ছন্নতার বালাই নেই।”

রাজধানীর এই এলাকার দোকানগুলোর খাবারের মান তদারকির দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এমদাদুল হকের দাবি- খোলা খাবার বিক্রি রোধে তারা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোলা খাবার বিক্রি করা সম্পূর্ণভাবে নিষেধ। অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

“ফুটপাত দখল করে খোলা ইফতার বিক্রি করলে তার জন্য ২০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া হবে।”

তবে রাজধানীর ব্যস্ততম ফার্মগেইট এলাকায় রোজা শুরু হওয়ার পর খোলা খাবার বিক্রি রোধে কোনো অভিযান চালানোর খবর জানাতে পারেননি ডিএনসিসির এই কর্মকর্তা।   

এর আগে রোজার শুরুতে সিটি করপোরেশনের পক্ষ থেকে খাবার প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইফতার কীভাবে বিক্রি করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছিল সিটি করপোরেশন।

এছাড়া নগরীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও কেনা রোধে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয়ভাবে গঠিত একটি কমিটি কাজ করছে বলে এমদাদুল হক জানান।

তবে ওই কমিটির কার্যক্রমের কোনো খবর বা খোলা খাবারের বাজারে এর কী প্রভাব পড়ছে তা জানাতে পারেননি তিনি।

খোলা ইফতারে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের 

রোজায় উন্মুক্ত অবস্থায় বিক্রি করা ইফতার সামগ্রী খাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজের পাকস্থলি ও পরিপাকতন্ত্র বিভাগের সহকারী রেজিস্ট্রার তারিকুর রহমান বলেন, খোলা অবস্থায় বিক্রি করা ইফতার খেলে ফুড পয়জনিং, জন্ডিস হতে পারে।

“জন্ডিস রোগের জন্য দায়ী ‘হেপাটাইটিস’ জীবাণু পানি ও খোলা খাবার থেকে ছড়ায়। এছাড়া ভাজা-পোড়া খেলে পাকস্থলির নানা রোগ হতে পারে।”

সারা দিন খালি পেটে থাকার পর ইফতারের সময় তরল খাবার ও ফলমূল বেশি করে খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

রাস্তার খাবার ‘একেবারেই পরিহার’ করতে বললেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ শাহ আব্দুল্লাহ আল বাকি।

“ঘরে বানানো খাবার খেতে হবে, খোলা খাবার খেলে ডায়রিয়া, ফুড পয়জনিং ও টাইফয়েড পর্যন্ত হতে পারে।”