আমাদের বাড়িছাড়া করার কারিগর ছিলেন মওদুদ: শাওন মাহমুদ
বঙ্গবন্ধুর দেওয়া বাড়ি থেকে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের পরিবারকে উচ্ছেদে ব্যারিস্টার মওদুদ আহমদই ‘প্রধান উদ্যোক্তা’ ছিলেন বলে অভিযোগ করেছেন শহীদকন্যা শাওন মাহমুদ।
পরিত্যক্ত সম্পত্তি দখলের মামলায় হারের পর বুধবার প্রায় সাড়ে তিনশ কোটি টাকা দামের গুলশানের বাড়ি থেকে মওদুদকে উচ্ছেদের পর তিন দশকের বেশি সময়ের আগের সেই স্মৃতি মনে করেন আলতাফ মাহমুদের মেয়ে।
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামমাত্র মূল্যে মালিবাগে একটি বাড়ি দিয়েছিলেন একুশের গানের সুরকার আলতাফ মাহমুদের পরিবারকে। ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে ওই বাড়ি থেকে তাদের উচ্ছেদ করা হয়।
মওদুদ আহমদ এবং স্বরাষ্ট্র, গণপূর্ত ও ভূমি মন্ত্রণালয়ের তিন সচিব মিলে তাদের উচ্ছেদের ছক কষেছিলেন বলে দাবি করেন শাওন মাহমুদ।
এরশাদ আমলের মন্ত্রী মওদুদের বাড়ি ছাড়ার ছবি বৃহস্পতিবার ফেইসবুক শেয়ার করে তিনি লিখেছেন, “অনেক শরীর খারাপেও এই ছবিটা আমাকে সকাল সকাল সোজা করে দাঁড়িয়ে দিল।
“৮২ সালের ফেব্রুয়ারিতে একদিনের নোটিশে সে বাড়িটি থেকে আমাদের উচ্ছেদ করা হয়। একটা কৃষ্ণচূড়া গাছের নীচে স্যুটকেসের ওপর মা বসিয়ে রেখেছিলেন আমায়। বসে বসে পুলিশের তাণ্ডব দেখেছিলাম সেদিন।
চৌদ্দ বছর বয়সের ওই স্মৃতি তুলে ধরে শাওন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামা খালারা মিলে বিশাল এক পরিবার ছিল আমাদের। আমি জানতাম না রাতে কোথায় থাকব সেদিন। পরে পেছনের গলিতে প্রতিবেশীর একটি বাড়ি ভাড়া করে উঠে যাই সেখানে।
“বাবার স্মৃতিবিজড়িত কত কিছু বাঁচাতে পারলাম না সেদিন!”
চার দশক ধরে বসবাস করে আসা গুলশানের ওই বাড়ি থেকে উচ্ছেদের মধ্যে বুধবার বিকালে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছিলেন, তিনি ফুটপাতে থাকবেন।
তার এই বক্তব্য ধরে শাওন লিখেছেন, “ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয়। ওহ্ আরেকটা কথা, সেদিন আমরা যদিও জানতাম না কোথায় থাকব তারপরও ফুটপাতে থাকবার কথা ভাবিনি।”
মওদুদের বাড়ি হারানোর বিষয়টিকে ‘সৃষ্টিকর্তার দুনিয়াতে বিচার’ বলে আখ্যায়িত করেছেন একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়া বীর উত্তম খালেদ মোশাররফের মেয়ে, সংসদ সদস্য মাহজাবিন খালেদ।
তিনি বৃহস্পতিবার সংসদে বলেন, “মুক্তিযুদ্ধের বীর নায়ক খালেদ মোশাররফের স্ত্রী হিসেবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে, সেখান থেকে উচ্ছেদের জন্য বেগম জিয়া তার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করে।
“২০০৫ সালে খালেদা জিয়ার বোনের ছেলে মাইক্রোবাসে করে গুণ্ডা ভাড়া করে এসে বাড়ি খালি করার জন্য আমার মাকে হুমকি দেন। হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, আমাদের সে বাড়ি থেকে অবৈধভাবে বের করে দিয়েছিল। না কোনো আদালতের আদেশ। সম্পূর্ণ গুণ্ডামি করে আমাদের বাড়ি দখল করে নেন।”
“এটি কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে। গতকাল মওদুদ আহমদকেও তার বাড়ি ছাড়তে হয়েছে।”
