মুহিতকে ‘উত্তেজিত না হওয়ার’ পরামর্শ আলী আশরাফের
কথায় কথায় ‘উত্তেজিত’ না হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য।
প্রস্তাবিত বাজেটের ওপর বুধবার সংসদে আলোচনায় অংশ নিয়ে সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, “কথায় কথায় এক্সাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিসিআইয়ের সাথে কথা বলেছেন। আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। সব কিছুর মধ্যে আমরা আবেগপ্রবণ হয়ে কথা বলি।”
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভ্যাট আইন নতুন অর্থবছর থেকে কার্যকরের ঘোষণা এসেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট প্রস্তাবে, যাতে পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রযোজ্য হবে।
২০১২ সালের এই ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ কার্যকর করার কথা ছিল গত বছরের ১ জুলাই থেকে। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে তা পিছিয়ে দেয় সরকার। তখন বিদ্যমান প্যাকেজ ভ্যাটের হার বাড়িয়ে বলা হয়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হবে।
এবারের বাজেটে ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রসঙ্গে আলী আশরাফ বলেন, “ ডিপোজিটের ওপরে ট্যাক্স দিলেন। মানুষের ওপর কনফিউশন... আতঙ্ক যে ছড়িয়ে দিলেন… ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না। কোন থিওরিতে এসব কথা বলেন।”
জয়পুরহাটের সরকারদলীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ব্যাংকে মানুষ টাকা রাখবে। এক লাখ টাকা রাখলে ৮০০ টাকা দিতে হবে। আগে ৫০০ টাকা দিতে হত। এটা নিয়ে তুঘলকি কাণ্ড চলছে। সারা দেশে আলোচনা চলছে। এটা আগে যা ছিল তাই রাখলে ভালো হয়। মানুষের সঙ্গে আমাদের দূরত্ব বাড়বে।”
তিনি বলেন, “ভ্যাট নিয়ে অনেকে কথা বলছে। ভ্যাট আমরা দিচ্ছি। এই ভ্যাটটি কোষাগারে জমা হয় কম। যেভাবেই হোক এনবিআরকে সক্ষমতা অর্জন করতে হবে। আমার ভ্যাট যাতে কোষাগারে জমা হয় সেটি নিশ্চিত করতে অ্যাপ করা যেতে পারে। এই ভ্যাটের টাকা যদি ১০ শতাংশ সংরক্ষণ করা হয়। যখন আমি সিনিয়র সিটিজেন হব, ওই টাকা পেনশন হিসেবে দেবে। তাহলে সবাই উৎসাহী হবে।”
আওয়ামী লীগের টিপু মুনশি বলেন, “ভ্যাটের কথা এসেছে। অনেকে মনে করছেন এটা সহনীয় নয়। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী এটা বিবেচনা করবেন। সবক্ষেত্রে ১৫ শতাংশ না করে খাত ভিত্তিক করা যেতে পারে।”
পোশাক খাতে উৎসে কর বাড়লে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়বে বলেও মন্তব্য করেন তৈরি পোশাক খাতের এই ব্যবসায়ী।
