আপনের গ্রাহকদের অলঙ্কারের সিদ্ধান্তে ‘মধ্যস্থতা কমিটি’
আপন জুয়েলার্স থেকে আটক করা স্বর্ণালঙ্কারের মধ্যে প্রকৃত গ্রাহকদের দাবি করা স্বর্ণালঙ্কারের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে একটি ‘মধ্যস্থতা কমিটি’ গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গ্রাহকদের অর্ডার দেওয়া ও বুকিং সংশ্লিষ্ট সোনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এই ‘মধ্যস্থতা কমিটি’ জানাবে বলে মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, অধিদপ্তরের যুগ্ম-পরিচালক মোহাম্মদ সফিউর রহমানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘প্রস্তাবনা’ প্রতিবেদন জমা দেবে।
‘সাময়িকভাবে আটক’ এই সোনার বিষয়ে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য এই মধ্যস্থতা কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে শুল্ক গোয়েন্দাদের প্রতিনিধি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রতিনিধি এবং আপন জুয়েলার্সের প্রতিনিধি থাকবেন।
“কমিটির প্রতিবেদনের আইনগত বিভিন্ন দিক পর্যালোচনার জন্য বিজ্ঞ আইনবিদেরও মতামত নেওয়া হবে। প্রচলিত আইনের আওতায় থেকে প্রকৃত গ্রাহকদের অর্ডার ও বুকিং সংশ্লিষ্ট এই ২৯ কেজি সোনার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেনকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে ‘চোরাচালান ও শুল্ক ফাঁকির দায়ে’ আটক ৫৬৭ দশমিক ৫৪ কেজি (১৫ দশমিক ১৩ মণ) সোনা এবং সাত হাজার ৩৬৯ টি ডায়মন্ডখচিত স্বর্ণালঙ্কার বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হয়।
“এই আটক ৫৬৭ কেজি সোনার মধ্যে আপন জুয়েলার্সের সরবরাহ করা দলিল অনুযায়ী ৩৮৯ জন গ্রাহকের অর্ডার ও বুকিং সংক্রান্ত প্রায় ২৯ কেজি সোনা রয়েছে। ওই ২৯ কেজি সোনাও ‘সাময়িকভাবে’ আটক করে বাংলাদেশ ব্যাংকে ‘অস্থায়ীভাবে’ জমা দেওয়া হয়েছে।”
এর আগে গত ২৯ মে আপন জুয়েলার্সের দেওয়া ১৮২ জন গ্রাহকের তালিকার মধ্যে মেরামতের জন্য জমা রাখা ৮৫ জনের ২ দশমিক ৩ কেজি সোনা অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
“তালিকার অবশিষ্ট গ্রাহকদের স্বর্ণালঙ্কার ফেরত প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের অন্যতম মালিক। এই পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত শুরু করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
এরপর শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের ওই শো-রুমগুলোতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার আটক করে সেগুলো সিলগালা করে দেয়।
এরপর এসব সোনা ও ডায়মন্ডের অলঙ্কারের মজুদের বিষয়ে আপন জুয়েলার্সের মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দফায় সুযোগ ও সময় দেওয়া হয় বলে শুল্ক কর্মকর্তা মইনুল খান জানান।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ দুই দফায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে গিয়ে শুনানিতে অংশ নেন। কিন্তু তারা এসব সোনা ও ডায়মন্ডের অলঙ্কারের আমদানি বা মালিকানার বিষয়ে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
