ডিজির পরিচয়ে তদবির করে চাকরি হারালেন দুদকের গাড়িচালক
নিজেকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পরিচয় দিয়ে এক জেলা জজকে ফোন করে সুবিধা চেয়ে চাকরি হারিয়েছেন সংস্থাটির এক গাড়িচালক।
গাড়িচালক হাবিবুর রহমানকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের মহাপরিচালকের (মানিলন্ডারিং) অফিসের টেলিফোন ব্যবহার করে গাড়িচালক হাবিবুর নিজেকে ডিজি পরিচয় দিয়ে ফরিদপুর জেলা নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে ফোন করে একটি মামলার তদবির করেন।”
অসৎ উদ্দেশ্য নিয়ে ডিজি পরিচয় দিয়ে ফোন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গাড়িচালক হাবিবুরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা বলেন, “হাবিবুর রহমান ফোন করে ওই বিচারকের বিরুদ্ধে দুদকে বেশ কয়েকটি অভিযোগ আছে বলে জানান। ওই অভিযোগ থেকে অব্যাহতির বিনিময়ে এক আত্মীয়ের বিরুদ্ধে থাকা বিচারাধীন মামলায় পক্ষে রায় দেওয়ার তদবির করেন হাবিবুর।”
তিনি জানান, ওই বিচারকের সন্দেহ হলে তিনি দুদকে ফোন করেন। তখন বিষয়টি প্রকাশ পায়।
