স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুব্রত সেনগুপ্ত অসুস্থ
‘প্রোস্টেট ক্যান্সারে’ আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুব্রত সেনগুপ্ত।
তার স্ত্রী জলি সেনগুপ্ত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুব্রত রাজধানীর বেসরকারি হাসপাতালটির আইসিউতে চিকিৎসাধীন।
তার প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার এখন ফুসফুসে ছড়িয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। একইসঙ্গে স্পাইনাল কর্ড, ব্ক্ষ, মেডিসিন, নিউরো ও ইউরোলজি সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন।
২৬ মে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লে সুব্রতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান জলি।
তিনি বলেন, “সেখানে চিকিৎসকরা জানান, ‘তার রক্তচাপ বেড়ে গেছে’। তাকে উন্নত চিকিৎসার জন্য পরের সপ্তাহে বেসরকারি হাসপাতালটিতে নিয়ে আসি। এখনো তার জ্ঞান ফেরেনি।”
হাসপাতালটিতে নিউরোসার্জারি বিশেষজ্ঞ আনোয়ার উল্লাহ্ ও আবুল খায়েরের অধীনে স্বাধীন বাংলা বেতারের এই শিল্পী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তার স্ত্রী।
‘রক্ত চাই রক্ত চাই, অত্যাচারীর রক্ত চাই’, ‘ছুটরে সবাই বাঁধ ভাঙা অগণিত গ্রাম মজুর কিষাণ’, ‘শোন জনতা গণ জনতা’সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযুদ্ধের অনেক গান তিনি রচনা করেছেন।
গীতিকার সুব্রত একুশে ফেব্র্রুয়ারি নিয়ে ১৬০টি গান, আর বঙ্গবন্ধুকে নিয়ে ৫৫৫টি গান রচনা করেছেন বলে জানান জলি।
জলি সেনগুপ্ত জানান, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুব্রত সেনগুপ্ত শয্যাশায়ী। তারপর বিভিন্ন দফায় হাসপাতালে ভর্তি হলেও ‘টাকার অভাবে’ উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি।
সম্প্রতি মেয়র আনিসুল হকের গড়ে তোলা ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ এর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন বলেও জানান জলি।
স্বদেশি আন্দোলনের নেতা সুধীর সেনগুপ্তের ছেলে সুব্রত সেনগুপ্ত। প্রীতিলতা ওয়াদ্দেদার তার মায়ের আপন বোন। সুব্রত-জলি সেনগুপ্ত দম্পতির দুই ছেলে শুভদীপ সেনগুপ্ত ও সংগীত সেনগুপ্ত দুজনই স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।
