জুলাইয়ে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
আগামী ১৩ থেকে ১৬ জুলাই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ ডলার নগদ অর্থসহায়তা পাঠানোর বিষয়টি জানিয়ে ওই বিবৃতি দেওয়া হয়।
গত ২৫ মে শ্রীলঙ্কার ওই বন্যায় ১০০ মানুষের মৃত্যুর পাশাপাশি হাজার হাজার মানুষের সম্পদ ও জীবিকায় আঘান আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সার্ক ও বিমসটেকের সদস্য দুই দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে।
“দুই দেশের মধ্যে একই রকম সংস্কৃতি ও মূল্যবোধ এবং উন্নয়নের একই রকম আকাঙ্ক্ষা রয়েছে।”
মাইথ্রিপালা সিরিসেনা এর আগে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। এছাড়া ২০১১ সালের এপ্রিলে ঢাকা সফর করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
