‘বাড়তি আবগারী শুল্ক খেলাপিদের সুরক্ষার ব্যবস্থা করবে’
ব্যাংক আমানতে অতিরিক্ত আবগারী শুল্ক আরোপে অর্থনীতির উপর ‘কালো টাকার প্রভাব’ বাড়ার পাশাপাশি ‘ঋণ খেলাপিদের’ সুরক্ষার ব্যবস্থা হবে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সোমবার দুর্নীতি দমন কমিশন-দুদকে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আবগারী শুল্কের ফলে অবশ্যই একটা প্রভাব পড়বে, সাধারণ জমাকারীরা ব্যাংকে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে নিরুৎসাহীত হবেন।”
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকার বেশি হিসাবে ৫০০ টাকার স্থলে আবগারী শুল্ক ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া ১০ লাখ টাকার বেশি অন্যান্য হিসাবে শুল্ক দ্বিগুণ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “সেই ক্ষেত্রে (আবগারী শুল্ক) কালো টাকার সম্প্রসারণ বৃদ্ধি, সুযোগ বা ঝুঁকি অবশ্যই হবে। সেটি নিয়ে সরকারকে ভাবতে হবে। সংসদে এ বিষয়টি নিয়ে জোড়ালো আলোচনার দরকার।
“সাধারণ মানুষের উপর প্রভাব, পাশাপাশি অর্থনীতির উপর কালো টাকার প্রভাব, এই টাকার মাধ্যমে ব্যাংকিং খাতে যারা ঋণ খেলাপি, বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে পাবলিক সেক্টরের ব্যাংকগুলোকে জর্জরিত অবস্থায় নিয়ে গেছেন, তাদেরই সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হবে।”
এ আবগারী শুল্ক ‘নৈতিক ও আইনগত’ দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আবগারী শুল্ক বাড়ানো ফলে বিশেষ করে সাধারণ সঞ্চয়কারীদের উপর ‘বড় চাপ’ পড়বে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, “এটা একটা অন্যায় ও অবিচার বলে অনেকে মনে করেন, আমিও তাই মনে করছি। এটার নৈতিক কোনো ভিত্তি নেই। পৃথিবীর কোনো দেশেই এরকম দৃষ্টান্ত নেই। আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কোনো রকমের আইনগত ভিত্তি ছাড়াই এ ধরনের বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে।
“তার চেয়ে বড় দিক হল, শুল্কের মাধ্যমে এই অর্থ, যা করের বোঝা চাপিয়ে জনগণ থেকে সংগ্রহ করা হবে, সেটির কিন্তু একটা বিরাট অংশ আবার পাবলিক সেক্টরে ব্যাংকিং খাতের যে জর্জরিত অবস্থা, যার পেছনে দায়ী মূলত দুর্নীতি-অনিয়ম, সেটাকে আবার প্রটেকশন দেওয়ার জন্য এই অর্থ ব্যবহার করা হবে। বাস্তবে বাজেটের একটা আঙ্গিক আমরা দেখতে পাচ্ছি যে, প্রকারান্তরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া ও প্রসার করা।”
অনুষ্ঠানে দুদক ও টিআইবির মধ্যে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সম্পাদন হয়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উপস্থিতে সমঝোতা স্মারকে টিআইবির পক্ষে ড. ইফতেখারুজ্জামান ও দুদকের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন সই করেন।
