দুদককে সহযোগিতা করবে এফবিআই
সাইবার ক্রাইম ও বিদেশে সরকারি অর্থ পাচার প্রতিরোধে প্রশিক্ষণ প্রদানসহ কয়েকটি ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।
সোমবার দুদক কার্যালয়ে এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এফবিআইয়ের দুই প্রতিনিধির বৈঠক হয় বলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
এফবিআই প্রতিনিধি দলে জেমস প্রাইস ও ডেভিড ইনট ছিলেন বলে জানান তিনি।
বৈঠকের বিষয়ে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, বিদেশে অর্থ পাচার প্রতিরোধ, বিশেষ করে ট্রেড বেইজড মানি লন্ডারিং, সাইবার ক্রাইম প্রতিরোধ, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ ও অর্থ পাচার বন্ধে দুদকের কর্মকর্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে এফবিআই প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন।
ইতোমধ্যে দুদকের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এ সংস্থা থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন বলে তিনি জানান।
