২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমভি নাসরিন ডুবি: ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় চৌদ্দ বছর আগে এমভি নাসরিন-১ নামের একটি লঞ্চডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 05:02 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

এর মধ্যে নিহত ও নিখোঁজ প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতের রায়ে।

ওই রায়ের বিরুদ্ধে জারি করা রুল খারিজ করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ সোমবার রায় দেয়।

ঢাকা থেকে ভোলার লালমোহনে যাওয়ার পথে ২০০৩ সালের ৮ জুলাই চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায় এমভি নাসরিন-১।

ওই ঘটনায় নিহত হন ১১০ জন, ১৯৯ জন নিখোঁজ থাকেন। ওই লঞ্চের মালিকও দুর্ঘটনায় নিহত হন।

চাঁদপুরের জেলা প্রশাসক ওই বছরই লঞ্চডুবিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী নৌ-দুর্যোগ ট্রাস্টি বোর্ড নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়, যার পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।

নিহতদের দেওয়া ওই ক্ষতিপূরণ ‘অপ্রতুল’ দাবি করে ২০০৪ সালে ঢাকার তৃতীয় জেলা জজ আদালতে ক্ষতিপূরণ মামলা করে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২১ জন দাবি করে মামলায় ২৮ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।

ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ আদালত ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা করে। ক্ষতিগ্রস্তদের ৬০ দিনের মধ্যে ১৭ কোটি ১১ লাখ টাকা দিতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয় সেই রায়ে।

বিবাদীরা জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ চেয়ে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করলেও জজ আদালতে তা খারিজ হয়ে যায়।

ওই আদেশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএসহ বিবাদীপক্ষ ২০১৬ সালের ২৪ অক্টোবর হাই কোর্টে রিভিশন আবেদন করে। হাই কোর্ট পরদিন নিম্ন আদালতের রায় কেন বাতিল ও রদ করা হবে না- তা জানতে চেয়ে রুল দেয়।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় গত ২৪ মে। সেদিন মামলাটি হাই কোর্টে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। সোমবার রুল খারিজ করে হাই কোর্ট রায় দেয়।

হাই কোর্টে ব্লাস্টের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও সুব্রত চৌধুরী।

বিআইডব্লিউটিএসহ অন্য বিবাদীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট রাফসান আলভী ও ইশরাত হাসান।

রায়ের পর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, “হাই কোর্ট নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহত অবস্থায় বেঁচে থাকা প্রত্যেককে এক লাখ টাকা দিতে বলেছে।”

অন্যদিকে লঞ্চ মালিক কর্তৃপক্ষের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।