২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংগদুতে হামলাকারীদের পরিচয় প্রকাশের দাবি

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়ি ও দোকানপাটে হামলাকারীদের পরিচয় প্রকাশের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 06:16 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, “আমি খুব লজ্জিত ও ক্ষুব্ধ যে আমার দেশের সরকার তার নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। যাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে কারো পরিচয় জানানো হয়নি। কারা এরা?

“হতে পারে কাউকে শুধুমাত্র খুশি করার উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এত বড় ঘটনা যে ঘটল, সরকারের পক্ষ থেকেও কোনো বিবৃতি এখন পর্যন্ত দেখিনি।”

পুলিশ, সেনাবাহিনী, বিজিবি থাকার পরও অগ্নিসংযোগের ঘটনা কিভাবে ঘটল তা তদন্ত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং পাহাড়ে সংঘর্ষ না থামার পেছনে বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ব্যর্থতাকে দায়ী করে বলেন, “বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলে কোনোদিনই সঠিক বিচার হয় না, তাই পাহাড়েও সংঘর্ষ থামে না।” 

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে বৃহস্পতিবার যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার হয়। শুক্রবার সকালে তার লাশ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়।

এক পর্যায়ে কিছু লোক তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, উত্তর ওদক্ষিণ মানিকজুড় এবং বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয় বলে স্থানীয়দের ভাষ্য।

সাতদিনের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানান কলামনিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, “এমন ঘটনায় রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়। এই ঘটনার তদন্ত করা অত্যন্ত জরুরি। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক।”

প্রতিবাদ সমাবেশে আদিবাসীরা ‘সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার চাই’, ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সেটলার বাঙালি প্রত্যাহার কর’, 'স্টপ মিলিটারি রুল ইন চিটাগং’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, “বিদেশি কেউ এলে আমরা আমাদের আদিবাসী নারীকে নৃত্য পরিবেশন করতে বলব, গান পরিবেশন করতে বলব, সুন্দর জায়গা দেখাতে হলে পাহাড়ে নিয়ে যাব; কিন্তু পরবর্তীতে আমার পাহাড়ী ভাই-বোনগুলো কেমন থাকছে তার আর খোঁজ নিব না।”

আইনের শাসনের সঠিক প্রয়োগের মাধ্যমে নিরীহ পাহাড়িদের উপর অত্যাচার বন্ধের আহ্বান জানান তিনি।

লংগদুতে পাকা দালান ও ভবনও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার বলেন, “কেরোসিন পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছে। এত অল্প সময়ে এসব কোথা থেকে এল? এ থেকেই বোঝা যাচ্ছে এই হামলা পূর্ব পরিকল্পিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল একমত প্রকাশ করে বলেন, “এই অগ্নিসংযোগের সুষ্ঠু তদন্ত করুন, নয়ত দেশ ধ্বংস হতে আর দেরি নেই।”

সমাবেশের শেষ দিকে নাগরিক সমাজের সঙ্গে যোগ দেয় ছাত্র ইউনিয়ন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত, নাট্যজন মামুনুর রশীদ, কবি মুহাম্মদ সামাদ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।