শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ
ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার ভোরে জব্দ এসব সিগারেটের মূল্য প্রায় সাড়ে ২৭ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে কুয়েত হয়ে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনিসুর রহমান এবং মোহাম্মদ কামাল নামে দুই যাত্রী ভোর ৩টার পরে ঢাকায় নামেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাদের ওপর প্রতি নজরদারি করে এবং তারা ছয়টি ল্যাগেজ নিয়ে স্ক্যান ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটকানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগারেটের মোড়কে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এমন সতর্কীকরণ ছবি ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।
