সাশ্রয়ী দামের ইফতারের গন্তব্য খিলগাঁও
বছর জুড়ে নানা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকলেও এবার রোজায় ‘সাশ্রয়ী দামে’ সুস্বাদু ইফতারের পসরা নিয়ে বসেছে ঢাকার খিলগাঁও এলাকার ক্যাটারিংগুলো। পাঁচ টাকা থেকে শুরু ৫০০ টাকায় এখানে মিলছে ইফতারের বিভিন্ন পদ।
পাশাপাশি ‘পালকি’, ‘পেটুক’, ‘খাদক’, ‘আপন কফি হাউজ’, ‘ক্লাউড-ফ্লেম’ জনপ্রিয় রেস্তোরাঁর আয়োজন তো আছেই, ফলে ইফতারের জন্য খিলগাঁও তালতলা এলাকা হয়ে উঠেছে রোজাদার ও ভোজনরসিকদের অন্যতম গন্তব্য।
এই এলাকার নামকরা বাবুর্চি আলমগীরের বিখ্যাত ক্যাটারিং সার্ভিস ‘আলমগীর ক্যাটারিং সার্ভিস’ সারা বছর বিয়ে-অনুষ্ঠানের রান্নায় হাঁফ ছাড়ার সময় না পেলেও এবারের রোজায় প্রতিষ্ঠানটি শুধুই ইফতারের আয়োজন করেছে বলে জানান এর ব্যবস্থাপক আবুল হোসেন।
গরুর বট ভুনা, গরুর চাপ, আস্ত মুরগীর রোস্ট, গরু-খাসির কাচ্চি, পোলাও, বোরহানি ও বিভিন্ন রকমের কাবাব নিয়ে পসরা সাজিয়েছে তারা। সঙ্গে রয়েছে বোম্বাই জিলাপি ও কিমা পরোটা।
আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে পাঁচ টাকা থেকে পাঁচশ টাকায় ইফতার পাওয়া যায়। ইফতারে ‘গরুর বট ভুনা’ আমরা ছাড়া এই এলাকায় আর কেউ করেনা।”
খিলগাঁওয়ের বাসিন্দা শফিক সাদিক বলেন, “ছোট বেলা থেকেই আলমগীর বাবুর্চির রান্নার কদর শুনে বড় হয়েছি। এমনি সময় তো এই সুস্বাদু খাবার চাখার সুযোগ হয় না, তাই রোজায় মিস করি না, প্রতিদিনই কিছু না কিছু কিনে নিয়ে যাই।”
“প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে এখান থেকে ইফতার কিনে নেই, ওদের খাবারে শাহী স্বাদ পাওয়া যায়,” চাকরিজীবী শায়লা পারভীনের কন্ঠেও একই সুর।
খিলগাঁওয়ের ইস্টার্ন ব্যাংকের সামনে ফুটপাতে হরেক ইফতার সামগ্রী নিয়ে বসেছে আরেক জনপ্রিয় মোহাম্মদ আক্কাস আলী বাবুর্চি ক্যাটারিং। ‘খাসির কাচ্চির’ জন্য ভোজনরসিকদের জন্য এটি অন্যতম পছন্দ জানালেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
প্রতিষ্ঠানের কর্মচারী বাদশা বলেন, “আমাদের কাচ্চি, তেহারি ও গরুর চাপ, মুরগীর ক্রাম ফ্রাই, মুঠি কাবাব, নার্গিস কাবাব, কাঠি কাবাব, বোরহানি, লাবাং, শাহী জর্দা ও গরু-খাসির হালিম বেশ জনপ্রিয়।”
জনতা ডেকোরেটর অ্যান্ড ক্যাটারিং তাদের ‘স্পেশাল’ খাঁটি দুধের বোরহানি, লাবাং ও মাঠা, যা বোতলপ্রতি (আকারভেদে) মিলবে ৫০-২২০ টাকায়।
প্রতিষ্ঠানটির কর্মচারী কামরান মিয়া বলেন, “আমরা শুধু বিয়ে-অনুষ্ঠানে খাবার সাপ্লাই দেই, কিন্তু রমজানের জন্য আমরা এগুলো আলাদা করে তৈরি করি।”
খিলগাঁও-এর জনপ্রিয় রেস্তোরাঁ ‘পালকি’ এবারের রোজায় এনেছে জিলাপি, কাবাব, চপ ও দইবড়া ছাড়াও ২০-২৫টি আইটেম।
পালকির মালিক ফয়সাল মাহবুব বলেন, “আমাদের সব আইটেম ৫-১২০ টাকার মধ্যে পাওয়া যাবে। সাশ্রয়ী দামে রোজাদারদের সুস্বাদু খাবার তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
রেস্তোরাঁয় ইফতার কিনতে আসা ব্যবসায়ী রহিম আলী বলেন, “ এদের ইফতারের দাম কম হলেও খেতে ভাল এবং স্বাস্থ্যসম্মত।”
এই এলাকার আরেক রেস্তোরাঁ ক্যাফে লিংক অ্যান্ড পিঠাঘরের কর্মচারী সাইফুল জানান, বেচা-কেনা ভাল হচ্ছে।
রোজায় তাদের বিশেষ পদের মধ্যে রয়েছে বারবিকিউ চিকেন, চিকেন সাসলিক, পাটিসাপটা পিঠা।
২০-১০০ টাকার মধ্যে মিলবে তাদের সব পিঠা।
