২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীর-ফকিরদের ‘হত্যার পরিকল্পনায়’ জেএমবি

রাজধানীর তেজগাঁও থেকে সন্দেহভাজন তিন জেএমবি সদস্যকে আটকের পর র‌্যাব বলেছে, নিষিদ্ধ সংগঠনটি পীর-ফকিরদের হত্যার পরিকল্পনা করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 10:17 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

বুধবার মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহিদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিব মোল্লা (২৩)ও ইলিয়াছ আহমেদ (১৯) নামে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে ‘বিস্ফোরক ও উগ্র মতবাদের বই’ পাওয়া কথা র‌্যাব তাৎক্ষণিকভাবে জানিয়েছিল।

পরে শেরে বাংলা নগরে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউনিটের অধিনায়ক ইফতেখারুল মাবুদ সাংবাদিকদের বলেন, “এরা পীর ও ফকিরদের ইসলামের আদর্শের পরিপন্থি বলে মনে করত। তাই পীর-ফকিরদের হত্যার উদ্দেশ্যে তাদের একটি গ্রুপ সংগঠিত হচ্ছিল।”

ঢাকার একটি পীরের মাজারে হামলার ছক কষে তারা ছদ্মবেশে ওই মাজারে ‘রেকি’ করেছিল বলেও তাদের কাছে তথ্য মিলেছে বলে জানান তিনি।

নিষিদ্ধ জেএমবির আগেও বিভিন্ন মাজারে হামলার নজির রয়েছে। এছাড়া পীরসজ সুফিবাদী এবং শিয়া সম্প্রদায়ের উপর হামলায়ও তাদের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে।

র‌্যাব জানায়, আটক জঙ্গিদের ‘গ্রুপের’ সদস্য সংখ্যা ১৫/২০ জন। তারা অধিকাংশই গাজীপুর এলাকার বাসিন্দা। দুই বছর ধরে এই দলটিকে নেতৃত্ব দিচ্ছিল ইয়াসিন। গত বছরের ১৩ মার্চ ইয়াসিন র‌্যাবের হাতে গ্রেপ্তার হলে নতুন দলনেতা হন সোয়েব ওরফে সোয়াইব।

“সে বর্তমানে গ্রুপটিকে পরিচালনা করে আসছে। তারা স্যোশাল মিডিয়ায় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে,” বলা হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই দলটির অনেকেই নিহত ও গ্রেপ্তার হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীও তাদের হামলার লক্ষ্যবস্তু বলে র‌্যাব জানায়।

তাদের কাছে বিস্ফোরক দ্রব্য, ছুরি, চাপাতিও পাওয়া গেছে বলে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।

র‌্যাব বলছে, স্তিমীত হয়ে এলেও জঙ্গি সংগঠনটির তৎপরতা এখনও বন্ধ হয়নি। তারা বিভিন্ন জায়গায় হামলার জন্য বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টায় রয়েছে।

র‌্যাবের তথ্যে গ্রেপ্তার তিনজন

মফিদুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহীদ ১৯৮৮ সালে শেরপুর জেলার নালিতাবাড়ি থানার পূর্ব মানিককুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঘাইলারা শামসুল হক সিটি উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণির পরীক্ষায় ফেল করার পর এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি।

২০০৩ সালে ছয় মাস নরসিংদী শহরের মাটির পাড়া টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। এরপর একই বছর গাজীপুর জেলার সাইনবোর্ডে ষ্টার লাইট সোয়েটার ফ্যাক্টরিতে নিটিং অপারেটর হিসেবে কাজ করেন তিনি। ইয়াসিনের সঙ্গে পরিচয়ের পর তিনি জঙ্গিবাদে জড়ান।

রফিকুল ইসলাম ওরফে রকিবুল মোল্লার জন্ম ১৯৯৪ সালে ফরিদপুরের আলফাডাঙ্গায়। সাত বছর বয়সে স্থানীয় কুচিয়াক গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে দ্বিতীয় শ্রেণি পাস করার পর গোপালগঞ্জ কুসুমদিয়া কওমি মাদ্রাসায় ভর্তি হন। এরপর আলফাডাঙ্গা ‍শিরগ্রাম মাদ্রাসা থেকে কুরআন শরিফের ১২ পারা মুখস্ত করে হেফজ হন। এরপর ২০১২ সালে গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। তিনিও ইয়াসিনের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

ইলিয়াছ মোল্লার জন্ম শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় ১৯৯৬ সালে। নিজ গ্রামের একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করে ঘাগপাড়া দাখিল মাদ্রাসায় ভর্তি হন এবং ২০১৩ সালে দাখিল পাস করেন। ২০১৬ সালে চাচাত ভাই তুষারের মাধ্যমে গাজীপুরে চাকরির জন্য আসেন। সেখানে বিনোদা গার্মেন্টসে পিয়ন পদে যোগ দেন। তুষার তাকে জেএমবিতে যোগ দিতে উৎসাহিত করেন।