ইফতারের সময় লাগেজ বেল্ট বন্ধে শাহজালালে যাত্রী ভোগান্তি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ বেল্ট মঙ্গলবার ইফতারের সময় বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা যাত্রী আবু সাইদ খান অভিযোগ করেন, বিমানবন্দরে নামার পর লাগেজ বেল্ট থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী তাদের মালামাল নিয়ে চলে যাওয়ার পর হঠাৎ ইফতারের সময় হয়েছে বলে লাগেজ বেল্ট বন্ধ হয়ে যায়।
ওই সময় তিনিসহ অন্তত ৫০ জন যাত্রীকে তাদের মালামালালের জন্য এক ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছিল বলে জানিয়ে তিনি বলেন, সেখানে কয়েকজন রোগী, শিশু ও বৃদ্ধ মানুষও ছিলেন। যারা চরম ভোগান্তিতে পড়েন।
এবিষয়ে জানতে চাইলে ইফতারের সময় লাগেছ বেল্ট বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
তিনি বলেন, “যারা লাগেজ বেল্টে মালামাল ওঠানামা করেন, তারা শ্রমজীবী মানুষ। সকাল ৬টা থেকে অনেক রাত পর্যন্ত তারা কাজ করেন। সারাদিন রোজা রেখেও তাদের কাজ করতে হয়।
“মানবিক দিক বিবেচনায় নিয়ে তারা যেন অন্তত একটু পানি পান করতে পারেন, সেজন্য ইফতারের সময় লাগেজ বেল্ট বন্ধ ছিল।”
