২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জাহাজে চাকরি হবে পুরনো শ্রমিকদের: বিপিটিওএ

চল্লিশ বছরের বেশি বয়সী পুরনো তেলবাহী জাহাজগুলো বন্ধ হলেও এর শ্রমিকরা চাকরি হারাবে না বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিটিওএ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 07:21 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বিপিটিওএর তৈরি নতুন জাহাজগুলোতে পুরনো জাহাজের শ্রমিকদের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিটিওএ সভাপতি কেএম জামান রোমেল।

চল্লিশ বছরের বেশি পুরনো জাহাজে তেল পরিবহন বন্ধের বিষয়ে সম্প্রতি সরকার সিদ্ধান্ত নেওয়ার পর নৌযান শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া অস্থিরতার প্রেক্ষিতে বিপিটিওএ এ সংবাদ সস্মেলন ডাকে।  

কেএম জামান রোমেল বলেন, দেশের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপদে জ্বালানি তেল সরবরাহের জন্য আন্তর্জাতিক মানের ট্যাংকার বহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

“এই উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন তেল বিপণন কোম্পানিগুলো নতুন আধুনিক ‘ডাবল হোল ও ডাবল বাটম’ এবং ‘বে-ক্রসিং’ তেলবাহী জাহাজ নির্মাণ করে বিপিসির বহরে সংযুক্ত করেছে। বর্তমানে দেশে আন্তর্জাতিকমানের প্রায় ১২০টি ট্যাংকার রয়েছে, যা দিয়ে দেশের মোট চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল পরিবহন সম্ভব।”

রোমেল বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী তেলবাহী জাহাজের অর্থনৈতিক জীবনকাল সম্পর্কে ‘অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এ রেজিস্ট্রেশনের তারিখ থেকে ত্রিশ বছর এবং পরে বিশেষ ডকিং সার্ভের মাধ্যমে আরও পাঁচ বছর করে দশ বছর অর্থাৎ মোট ৪০ বছরের সময়সীমা নির্ধারণ করা আছে।

“তবে মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স-১৯৮৩ তে উপকূল হয়ে অভ্যন্তরীণ নৌ-পথে চলাচলকারী কোস্টাল জাহাজগুলোর বয়সসীমার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না থাকায় ৩০ থেকে ৭২ বছর বয়সী জাহাজও চলাচল করছে। যার কারণে জলজ ও প্রাণীজ জীববৈচিত্রের উপর প্রভাব পড়ছে।”

দেশে ৪০ বছরের বেশি বয়সী ৪৭টি তেলবাহী জাহাজ রয়েছে জানিয়ে বিপিটিওএ সভাপতি বলেন, “বিপিটিওএ ওইসব জাহাজের শ্রমিকদের আশ্বস্ত করতে চায় যে, তারা কেউ বেকার হবেন না। নতুন জাহাজগুলোতেই তাদের চাকরি হবে।”

নৌযান মালিক-শ্রমিক সমিতির একটি অংশ পুরনো জাহাজের শ্রমিকদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সহ-সভাপতি প্রকৌশলী খালিদ এইচ খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে বহনের জন্য ট্যাংকার জাহাজ ব্যবহার করে থাকে। জ্বালানি তেল বহনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই কোম্পানিগুলো সম্প্রতি ৪০ বছরের বেশি বয়সী জাহাজে জ্বালানি তেল পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মানদণ্ড অনুযায়ী তেলবাহী ট্যাংকার হতে হয় দ্বিস্তর ও দুই কাঠামোবিশিষ্ট। কিন্তু বাংলাদেশের তেলবাহী জাহাজের এক তৃতীয়াংশই এক স্তর কাঠামো বিশিষ্টি। এতে প্রায়ই তেলবাহী জাহাজ দুর্ঘটনায় পড়ে।

সুন্দরবন এলাকায় যেসব জাহাজ ডুবেছে তার বেশিরভাগই এক স্তরবিশিষ্ট। এসবের তলা ফেটে যায়। সর্বশেষ ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে এক প্রকোষ্ঠের একটি তেলবাহী ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখ লিটার তেল ছড়িয়ে পড়ে।