২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল না সরায় ম্যাপল লিফের অধ্যক্ষকে তলব

আদালত আদেশের পরও ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে ম্যাপল লিফ স্কুল না সরানোয় অধ্যক্ষ জেবা আলীকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 05:26 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

আগামী ৪ জুলাই আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী তিন বছরের মধ্যে ম্যাপল লিফ স্কুল ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অপসারণ না করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী আদালত অবমাননার অভিযোগ এনে গত মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন।

বুধবার সে আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অধ্যক্ষকে তলবের আদেশ দেয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ।

ম্যাপল লিফ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। অধ্যক্ষ জেবা আলীকে চার সপ্তাহের মধ্যে রলের জবাব দিতে বলেছে আদালত।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আবাসিক এলাকা থেকে অপসারণের জন্য আদালত ম্যাপল লিফ স্কুল কর্তৃপক্ষকে তিন বছর সময় দিয়েছিল। ২০১৫ সালে সেই তিন বছর মেয়াদ শেষ হয়ে গেছে।”

এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ স্কুল অপসারণ না করায় প্রতিকার এবং জবাব চেয়ে গত বছর উকিল  নোটিস পাঠানো হয়।

কিন্তু কর্তৃপক্ষ এরপরও স্কুলটি অপসারণের উদ্যোগ নেয়নি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, “স্কুল কর্তৃপক্ষের এ আচরণ আদালত অবমাননার শামিল এবং আদালতের রায় অনুযায়ী ধানমণ্ডি আবাসিক এলাকা রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা।”

ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ওই এলাকার বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন ২০১১ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করে। সেই সঙ্গে ধানমণ্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়।

২০১২ সালের ১১ জুন রুল নিষ্পত্তি করে রায় দেয় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের হাই কোর্ট বেঞ্চ।

রায়ে তিন বছরের মধ্যে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

ইংরেজি মাধ্যমের স্কুল ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলেও ২০১৬ সালের ১ অগাস্ট তা খারিজ হয়ে যায়।

হাই কোর্টের রায়ের সময় মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেছিলেন, ধানমণ্ডি এলাকায় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের ১১টি শাখা রয়েছে। তিন বছরের মধ্যে শাখাগুলো একত্র করে সুবিধাজনক জায়গায় সরিয়ে নিতে বলেছে আদালত।