সড়ক দুর্ঘটনা কমেছে, পরিসংখ্যান ‘অতিরঞ্জিত’: কাদের
দেশে সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে কমেছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু প্রতিষ্ঠান ও সংস্থা ‘অতিরঞ্জিত’ পরিসংখ্যান প্রকাশ করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
পুলিশ সদর দপ্তরের করা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “২০১৬ সালে দুই হাজার ৫৬৬টি দুর্ঘটনায় দুই হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজার ১৩৪ জন। ২০০৯ সালের হিসাবে তিন হাজার ৩৮১টি দুর্ঘটনায় দুই হাজার ৯৫৮জন নিহত ও দুই হাজার ৬৮৬ জন আহত হন।
মন্ত্রী জানান, জাতিসংঘের এসডিজি অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ। সড়ক দুর্ঘটনা কমনোর লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশে এখন ৩০ লাখ আট হাজার ২৫৭টি মোটরযান আছে। এর মধ্যে বাস ৩৯ হাজার ৯৪৫টি, মিনিবাস ২৭ হাজার ১১৮টি, ট্রাক এক লাখ ১৯ হাজার ৮০৪টি, লরি চার হাজার ৬৬৪ এবং প্রাইভেট কার আছে তিন লাখ ১০ হাজার ৮২১টি।
এদিকে এক প্রশ্নে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে দুই হাজার ৫৮১টি শিশু বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
এক প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামণিক সংসদে জানান, বিদেশে পাট রপ্তানির জন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি নেই। তবে আরেক প্রশ্নের জবাবে জানানো হয়, বিশ্বের ১১৮টি দেশে পাটপণ্য রপ্তানি করা হয়।
মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মির্জা আজম সংসদে প্রশ্নের জবাব দেন।
আরেক প্রশ্নে মন্ত্রী জানান, পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়ছে এবং কাঁচা পাটের চাহিদা ও মূল্য বাড়ছে। আরেক প্রশ্নের জবাবে জানানো হয়, চলতি অর্থ বছরে পাট পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৪৬২ মেট্রিক টন। এটি আগের অর্থবছরের তুলনায় সাত হাজার ৭১৮ মেট্রিক টন কম। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪৯ শতাংশ অর্জিত হয়েছে।
পাট চাষীদের জন্য মন্ত্রণালয়ের অধীনে কোনো ঋণ দেওয়া হয় না বলে এক প্রশ্নের জাবাবে জানানো হয়।
