২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি: মওদুদের মামলায় স্থগিতাদেশ ৩ মাস বাড়ল

বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 03:44 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মওদুদের করা আবেদনের শুনানি নিয়ে গত ৭ মে এক সপ্তাহের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছিল সর্বোচ্চ আদালত।

এই সময়ের মধ্যে তাকে নিয়মিত আপিলের আবেদন করতে বলা হয়েছিল।

ওই আবেদনের পক্ষে আদালতে মওদুদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে ব্যারিস্টার খোকন সাংবাদিকদের বলেন, “নাইকোর সঙ্গে পেট্রোবাংলা ও বাপেক্সের চুক্তি সংক্রান্ত বিষয়ে একটি মামলা যুক্তরাষ্ট্রের সালিশি আদালতে বিচারাধীন। এ কারণে মওদুদ আহমেদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। পরের বছর ৫ মে খালেদা ও মওদুদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

যুক্তরাষ্ট্রের সালিশি আদালতে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে নাইকো দুর্নীতি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছে জানিয়ে মওদুদ গতবছর ঢাকার জজ আদালতে তার নাইকো মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেছিলেন।

ওই আবেদন গত বছর ১৬ অগাস্ট ঢাকার ৯ নম্বর বিশেষ আদালত খারিজ করে দিলে মওদুদ হাই কোর্টে যান। বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে ১ ডিসেম্বর মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করে।

সেইসঙ্গে নিম্ন আদালতে মওদুদের আবেদন খারিজের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ১২ এপ্রিল তা খারিজ করে দিলে মওদুদ মামলার কার্যক্রম স্থগিতের জন্য আপিল বিভাগে আসেন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওই সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফও এ মামলার আসামি।