২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোড এখন ‘ইফতারের হাট’

রোজার শুরুতে অভিজাত পাড়ায় ইফতার বিক্রিতে ক্রেতাদের তেমন সাড়া না মিললেও একসময়ের ‘নাটক পাড়া’ খ্যাত রাজধানীর বেইলি রোডে রোজার প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতার কেনাবেচা।

রিফাত রহমান

ও সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2017, 06:13 PM

Updated : 11 Oct 2022, 02:03 PM

প্রচলিত আলুর চপ, পেঁয়াজু ছোলা, মুড়ির বাইরে ব্যতিক্রমী ইফতার সামগ্রীর জন্য কয়েকবছর ধরেই পরিচিতি পেয়ে গেছে বেইলি রোড। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ছুটে আসেন বেইলি রোডের ইফতারের স্বাদ নিতে।

বেইলি রোডে ইফতারের অন্যতম আকর্ষন 'পিঠা ঘরের' পিঠা। এ দোকানে সারাবছর পিঠা বিক্রি চললেও রোজা উপলক্ষে প্রায় ৪০ পদের পিঠার আয়োজন করা হয়েছে বলে জানান মালিক কাজী গোলাম রহমান।

কলা পিঠা, সুন্দরী পাকন পিঠা, রসগজা, ঝিনুক পিঠা, পান্তোয়া পিঠা, সূর্যমুখী, শাহী মুগ পাকন পিঠা, পাংশা পিঠা, লবঙ্গ লতিকা, রজনীগন্ধা ফুল পিঠা, বিবিয়ানা পিঠাসহ মুখে জল আনা হরেক রকম পিঠার প্রতি পিসের দাম ২৫-৯০ টাকার মধ্যে। এছাড়াও পিঠা ঘরের জনপ্রিয় ফিরনি ২৫ টাকা ও নারকেলের নাড়ু মিলছে প্যাকেট প্রতি ৩৫ টাকায়।

“ঢাকার অন্য কোথাও রোজায় পিঠার আয়োজন হয়না বলেই আমাদের এত ডিমান্ড, ইফতার শুরুর কয়েক ঘন্টা আগেই আমাদের সব পিঠা ফুরিয়ে যায়,” বলছিলেন গোলাম রহমান।

শান্তিনগর থেকে বেইলি রোডে প্রতিবছরই ইফতার কিনতে আসেন শামসুন্নাহার লতা।

বেইলি রোডের আরেক জনপ্রিয় খাবারের দোকান ক্যাপিটাল কনফেকশনারিতে ইফতার কিনতে আসা এই গৃহিনী বলেন, “ইফতার কেনার পাশাপাশি ঘুরে দেখতেও ভাল লাগছে।”

ছোলা-পেঁয়াজু থেকে শুরু করে প্রায় ৫০-৬০ পদের ইফতারের পসরা নিয়ে বসেছে ৩৫ বছর ধরে জনপ্রিয় প্রতিষ্ঠানটি।

মূলত কাবাবের জন্য বিখ্যাত ক্যাপিটাল কনফেশনারির এবারের রোজার বিশেষ আইটেম দেশি মুরগীর কাবাব, যা প্রতি পিস ১০০ টাকা। আর রয়েছে আড়াইশ থেকে তিনশ টাকার মধ্যে নানা ধরনের রেজালা।

এর ব্যবস্থাপক সারফুদ্দীন বলেন, “সুতি, জালি, মুঠি, রেশমি কাবাবের পাশাপাশি আমাদের বোরহানি ও লাবাং সারাবছরই চলে। গতবারের তুলনায় এবার দামও বেশি বাড়াইনি আমরা, তবে মাংসের দাম বাড়ায় কাবাবের দাম কিছুটা বাড়াতে হয়েছে।”

সুস্বাদু  ও স্বাস্থ্যসম্মত খাবারের জন্য বিখ্যাত ‘সুইস’ এবার রোজার বিশেষ আইটেম হিসেবে এনেছে ‘হানি চিকেন’', যার প্রতি পিস মিলছে ১০০ টাকায়।

রোজার শুরুতেই ক্রেতার সমাগমে খুশি সুইসের কর্মচারী নুরুদ্দীন বলেন, “আমরা দাম বাড়াইনি,  আগের মতই রাখা হয়েছে।”

জিলাপি- বেগুনির পাশাপাশি সুইসের শিক-কিমা পরোটা, কাবাব, গ্রিল চিকেন ও ফাস্টফুড আইটেম সমানভাবে জনপ্রিয় বলে জানান তিনি।

কাচ্চির জন্য দেশ-বিদেশে জনপ্রিয় ‘ফখরুদ্দীনে’ এবার সবচেয়ে বেশি চলছে খাসির কোরমা, গরু ও খাসির চাপ, শাহি জিলাপি, খাসি-মুরগী হালিম, সঙ্গে বিখ্যাত কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে হাফপ্লেট ১৬০ টাকায়।

মালীবাগ থেকে ফখরুদ্দীনে ইফতার কিনতে আসা সাইফুল বাশার বলেন, “দামটা গতবারের তুলনায় এবার একটু বেশিই, তবে এত বাহারি খাবার বাসায় বানানো যায় না বলেই এখানে কিনতে আসি।”

বেইলি রোডের আরেক জনপ্রিয় খাবাবের দোকান ‘নবাবী ভোজের’ এবারের রোজার বিশেষ আয়োজন ‘পেস্তা বাদামের শরবত’ ও ‘ক্ষীরসার ফালুদায়’ হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা।

পেস্তার শরবতের বোতল (আকারভেদে) বিক্রি হচ্ছে ৮০-১৫০ টাকায় ও ক্ষীরসার ফালুদা বাটি প্রতি বিক্রি হচ্ছে আড়াইশ টাকায়।

এছাড়াও শিক কাবাব, চিকেন টিক্কা, তন্দুরি চিকেন, চিকেন রেশমী কাবাব, কাঠি কাবাব, চিকেন সাসলিক ও হালিম বেশি বিক্রি হয় বলে জানান নবাবী ভোজের ব্যবস্থাপক ফারুক আহমেদ।

বেইলি রোডের ইফতার সামগ্রীর মধ্যে আছে বিভিন্ন ধরনের চপ, কাবাব ও মাংসের নানা খাবার।

এখানকার জনপ্রিয় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মগজ ভুনা, খাসির হালিম, খাসির গ্রিল চাপ, গরুর চাপ, লুচি, কাচ্চি বিরিয়ানি (খাসি), ফিরনি, খাসির লেগ রোস্ট, বোরহানি, চিকেন রোস্ট (আস্ত), চিকেন ফ্রাই, চিকেন সমুচা, চিকেন ললি, জালি কাবাব, শিক কাবাব, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, কিমার চপ, বেসন চপ, বাসমতির জর্দা, চাটনি, পনির সমুচা, নিমক পোড়া, বুন্দিয়া, হালিম, দইবড়া, সুতি কাবাব, রেশমি কাবাব ও কিমা পরোটা।