প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও কেন হকার উচ্ছেদ, প্রশ্ন বাম নেতাদের
প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও হকারদের রাস্তা-ফুটপাতে বসতে না দিয়ে উচ্ছেদ করা নিয়ে প্রশ্ন উঠেছে হকারদের এক সমাবেশ থেকে।
হকারদের রাস্তায় বসতে দেওয়া না হলে, তাদের চাকরি দিতে সরকারের প্রতি সমাবেশে দাবি তুলেছেন বাম নেতারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হকার সংগ্রাম পরিষদের এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা জানান সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আহসান খান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ও বরিশাল-৩ আসনের সাংসদ টিপু সুলতান।
সমাবেশ ও মিছিল শেষে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
রমজানে পূর্ণদিবস ফুটপাতে বসতে দেয়া, হকারদের সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা এবং পুনর্বাসনের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
গত ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হকার নেতাদের সঙ্গে বৈঠক করে ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেন। এরপর গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে হকার উচ্ছেদে কয়েকদফা অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশন। উচ্ছেদ নিয়ে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা। তাদের অবস্থানের কারণে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনের রাস্তার একপাশে যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেন, হকাররা যানজট তৈরি করছে এমন তথ্য দিয়ে সরকার এবং ঢাকার মেয়ররা ‘মিথ্যাচার’ করছে।
তিনি বলেন, “হকাররা নয়, সরকারের মন্ত্রী এমপি এবং ভিআইপিদের কারণে সড়কে যানজট তৈরি হয়।”
হকারদের বসতে না দিলে তাদের চাকরি দেওয়ার দাবি করেন তিনি।
“তাদের বসতে দিন। নইলে মাসে ত্রিশ হাজার টাকা বেতনের চাকরি দিন। আর তা না করলে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলুন। এভাবে না খেয়ে মরার চেয়ে গুলি খেয়ে মরে যাওয়া ভালো।”
গত বছরের ১৯ এপ্রিল একনেক বৈঠকে হকারদের উচ্ছেদ করা হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। এরপরও কেন উচ্ছেদ করা হচ্ছে জানতে চান মনজুরুল আহসান খান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যবস্থা নিন।
“আপনি বলার পরেও হকারদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের ওপর হামলা, মামলা করা হচ্ছে। আপনার সরকারেও কি ষড়যন্ত্রকারীরা আছে? নইলে আপনি একনেক বৈঠকে যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হচ্ছে না কেন?”
হকারদের বিষয়টি নিয়ে সংসদে কথা বলবেন বলে জানান সাংসদ টিপু সুলতান।
ঢাকার মেয়রদের উদ্দেশ্য করে তিনি বলেন, “গরীব মানুষগুলোকে পথে বসাবেন না। এদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। তাদের ফুটপাতে বসতে দিন। নইলে বিভিন্ন মার্কেটে তাদের পুনর্বাসন করুন।”
দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে সমাবেশে জানান বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন।
“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। হকাররা এখনো জানে না তাদের কত শক্তি। সব শক্তি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয় হকাররা। তবে কদমফোয়ারার সামনে তাদেরকে পুলিশ আটকে দেয়। নয়জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়।
