২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদে সাঁতারুরা একদিন বিশ্বজয় করবে: প্রধানমন্ত্রী

দেশের নতুন প্রজন্মের সাঁতারুরা সঠিক প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে আগামীতে বিশ্বমানের প্রতিযোগী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2017, 03:36 PM

Updated : 11 Oct 2022, 02:03 PM

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রশিক্ষণ পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের ক্ষুদে সাঁতারুরা আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা হবে।”

নৌবাহিনী সদরদপ্তরে বৃহস্পতিবার এই অনুষ্ঠানে সুইমার ট্যালেন্ট হান্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারপ্রধান।

যারা পেল বিশেষ পুরস্কার

>> ১১-১২ বছর বয়স শ্রেণি: বালিকা গ্রুপে কিশোরগঞ্জের প্রমি, বালক গ্রুপে একই জেলার আমিরুল >> ১৩-১৫ বছর বয়স শ্রেণি: কিশোরী গ্রুপে ঝিনাইদহের সুরমা, কিশোর গ্রুপে কিশোরগঞ্জের ইসলাম

>> ১৫-১৭ বছর বয়স শ্রেণি: তরুণী গ্রুপে কুষ্টিয়ার মুক্তি, তরুণ গ্রুপে কিশোরগঞ্জের হাকিম মিয়া

>> ১৮ বছর ও তার বেশি বয়স শ্রেণি: নারী গ্রুপে কুষ্টিয়ার খাদিজা, পুরুষ গ্রুপে একই জেলার আল আমিন

>> এছাড়া শারীরিক সীমাবদ্ধ গ্রুপে পাবনার বাকশক্তিহীন রোহান ও খুশী প্রধানমন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকা করে বিশেষ পুরস্কার পেয়েছে।  

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় দেশে প্রথমবারের মতো প্রতিভাবান সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শুরু হয় গতবছর।  

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৬ সালের ১৯ মে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথম পর্বে প্রায় ছয় মাসে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে সেরা সাঁতারু খোজার কার্যক্রম চলে। বয়সভিত্তিক চারটি গ্রুপে এই প্রতিযোগিতায় দেশের ৪৮৯টি উপজেলা থেকে প্রায় ২৫ হাজার সাতারু অংশ নেয়।

তাদের মধ্যে মোট এক হাজার ২৭৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করে ঢাকায় হয় দ্বিতীয় পর্বের আয়োজন।

এই পর্বে প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে নির্বাচন করা হয়। সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে তিন মাস নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। 

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ‘সুইমার ট্যালেন্ট হান্ট’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা দেখেন এবং সেরা ৬০ সাঁতারুর হাতে পুরস্কার তুলে দেন।

এই ৬০ জন সাঁতারু লেখাপড়াসহ দেশে ও বিদেশে তিন বছর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাবে। 

নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের জনপ্রিয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এখানে যারা ক্ষুদে সাঁতারুরা, আমরা এইখানে তাদের যে নৈপুণ্য দেখলাম- তাতে আমি অত্যন্ত আশাবাদী। এখান থেকেই একদিন আমাদের বিশ্বমানের প্রতিযোগীরা উঠে আসবে। কারণ এক সময় বাংলাদেশের মানুষ ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন।”

দেশে প্রথমবারের মত আয়োজিত এই সুইমার ট্যালেন্ট হান্টে নতুন প্রজন্মের দক্ষ সাঁতারুদের সমাবেশ ঘটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ভারতে দ্বাদশ এস এ গেমসে বাংলাদেশের সাঁতারু মাহফুজা খাতুনের দুটি স্বর্ণপদক পাওয়ার কথাও প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে মনে করিয়ে দেন। 

তিনি বলেন, গত অক্টোবরে শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের সাঁতারুরা দুটি স্বর্ণ, দুটি রৌপ্যসহ নয়টি পদক পায়।

খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা তৃণমূল পর্যায় থেকে প্রতিযোগিতাগুলোর আয়োজন করছি, তাতে আমাদের খেলাধুলায় উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। আর এজন্য ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া জরুরি।”

তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে একদিকে ছেলে-মেয়েরা শারীরিকভাবে সুগঠিত হবে, অন্যদিকে মনের দিক থেকে উদার হবে, আত্মবিশ্বাস বাড়বে।

বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৬ নম্বরে উঠে আসায় ক্রিকেট দলের খেলোয়াড়সহ  সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তিনি সুইমার ট্যালেন্ট হান্টের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, কোচ ও অফিসিয়ালদেরও ধন্যবাদ জানান।

অন্যদের মধ্যে নৌ-বাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৌ-বাহিনী প্রধান তাকে স্বাগত জানান। শুরুতেই সুইমার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ মোল্লা। 

অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনষ্ঠানে উপস্থিত ছিলেন।